গণেশ আর অরুণ মুকানের তো এখন ইস্কুলে, যথাক্রমে নবম ও সপ্তম শ্রেণিতে লেখাপড়া করার কথা, তাই না? অথচ একরাশ আলসেমি ও গড়মসির মাঝে বাড়িতেই পড়ে থেকে সময় কাটছে দুজনের। তাদের ঠিকানা থানে জেলায় মুম্বইয়ের একপ্রান্তে অবস্থিত জনপদটি কোলোশি। হাতের কাছে ভাঙাচোরা রদ্দি যা যা মেলে, তা দিয়েই খেলনাগাড়ি ইত্যাদি জিনিস বানাচ্ছে, নয়ত কেবলই শুয়েবসে কাটাচ্ছে ছেলে দুটি। ওদিকে মা-বাবা খেটে মরছেন ইটভাটায়।
“ওরা আর বই-টই নিয়ে পড়তেই বসে না। ছোটোটা [অরুণ] তো আবর্জনা আর কাঠকুটো দিয়ে খেলনা বানাতেই ব্যস্ত। সারাটাদিন খেলা করেই কাটাচ্ছে,” ওদের মা নীরা মুকানে বললেন। মায়ের কথার মাঝেই ধমকে উঠল অরুণ: “তোমায় আর কতবার বলব বল তো যে ইস্কুলে যেতে আমার বিচ্ছিরি লাগে?” তিক্ততায় শেষ হল মা-ছেলের কথোপকথন। হাতেগড়া খেলনাগাড়ি নিয়ে খেলবে বলে উঠে চলে গেল অরুণ, ঘরে বা তার আশপাশ থেকে গুচ্ছের জঞ্জাল কুড়িয়ে এনে জোড়াতালি দিয়ে যে গাড়িটা সে কদিন আগেই বানিয়েছে।
২৬ বছর বয়সি নীরা সপ্তম শ্রেণি পাশ করেছিলেন, স্বামী বিষ্ণু,৩৫, কিন্তু দ্বিতীয় শ্রেণি অবধি পড়েই ইতি টেনেছিলেন ইস্কুল জীবনে। তবে হ্যাঁ, দুই ছেলেকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে বদ্ধপরিকর মুকানে দম্পতি, তাঁরা চান না মা-বাবার মতো তাঁদের সন্তানদেরও কাছেপিঠের নদীনালায় মাছ ধরা, বা ইটভাটায় ঘাম ঝরানোর মতো এটাসেটা করে পেট ভরাতে হয়। শাহাপুর-কল্যাণ অঞ্চলে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে, কাজের খোঁজে এখানকার বহু আদিবাসী পরিবার পাড়ি দেয় সেখানে।
“নিজে বেশিদূর পড়তে পারিনি। কিন্তু আমি চাই, আমার সন্তানরা যেন শিক্ষিত হয়ে ওঠে,” কাতকারি সম্প্রদায়ের মানুষ বিষ্ণু জানালেন। মহারাষ্ট্রে যে তিনটি জনজাতির নাম অতিশয় দুর্বল জনগোষ্ঠীর (পার্টিকুলারলি ভালনারেবল্ ট্রাইবাল গ্রুপ বা পিভিটিজি) তালিকায় রয়েছে, তাদের মধ্যে কাতকরিরা অন্যতম। আদিবাসী কল্যাণ মন্ত্রকের প্রকাশিত ২০১৩ সালের একটি রিপোর্টে বলা হয়েছে, এই রাজ্যের কাতকারি সমাজে স্বাক্ষরতার হার মোটে ৪১ শতাংশ।
তাই বছর চারেক আগে, যথেষ্ট পরিমাণে পড়ুয়া জুটছে না বলে যখন স্থানীয় সরকারি ইস্কুলের ঝাঁপ পড়ে যায়, তখন মুকানে দম্পতি তাঁদের দুই ছেলেকে মাধ গ্রামের সরকারি সেকেন্ডারি আশ্রম স্কুলে (স্থানীয়রা অবশ্য এটিকে মাধ আশ্রমশালা বলেই চেনেন) গিয়ে ভর্তি করে আসেন। সরকার পরিচালিত এই আবাসিক ডে-স্কুলটিতে ১ম থেকে ১২ শ্রেণি অবধি পড়াশোনা হয়, থানে জেলার মুরবাদ থেকে এটির দূরত্ব ৩০ কিলোমিটার। গণেশ ও অরুণ সহ ১২৫ জন আবাসিক শিক্ষার্থী মিলিয়ে মোট পড়ুয়ার সংখ্যা ৩৭৯। “ইস্কুলে ওরা চাট্টি খেতেও পাচ্ছিল, পড়াশোনাও করছিল, তাই বেশ খুশিই ছিলাম। তবে ওদের জন্য বড্ড মন-কেমন করত,” জানালেন বিষ্ণু।







