এক চুল এদিক-ওদিক হওয়ার জো নেই।
আমনের চোখের দৃষ্টি স্থির, সরু সুচ অতি সাবধানে খরিদ্দারের কর্ণকূহরে প্রবেশ করাতে ব্যস্ত তাঁর দুটি হাত। সুচের তীক্ষ্ণ অগ্রভাগ থেকে নিস্তার পেতে আগা তুলোয় মোড়া। কাজ করছেন অতি ধীরে, যাতে কোনওভাবেই চামড়ায় না ফোটে, বা কানের পর্দায় আঘাত না লাগে। “কানের খোলটুকুই শুধু বার করে আনতে হবে,” মনে করাচ্ছেন তিনি।
বিস্তীর্ণ এক বটের ছায়ায় বসে পারি-র সঙ্গে কথা বলছেন তিনি, পাশে একটি কালো ব্যাগে তাঁর সরঞ্জাম— একটি সিলাই (সুচের মতো সরঞ্জাম), চিমটি, আর অনেকটা তুলো। ব্যাগে আরও আছে নানা জড়িবুটিতে তৈরি ভেষজ তেল, কান সাফাইয়ের জন্য তাঁর পারিবারিক গোপন ফর্মুলায় বিশেষভাবে তৈরি।
“সিলাই সে ম্যায়েল বাহার নিকালতে হ্যায় অউর চিমটি সে খিচ লেতে হ্যায় [সিলাই দিয়ে কানের ময়লা তুলি আর চিমটি দিয়ে টেনে বার করে আনি]।” কারও কানে খোল জমে ঢিপি হয়ে গেলে তবেই ভেষজ তেলটা ব্যবহার করা হয়। “আমরা সংক্রমণের চিকিৎসা করি না, শুধু কানের খোল আর চুলকুনি দূর করি।” কান চুলকোতে গিয়ে বেশি খোঁচাখুঁচি করে আঘাত লেগে গেলে চুলকুনি সংক্রমণে পরিণত হতে পারে, জানাচ্ছেন তিনি।










