জাতীয়তাবাদের উন্মেষকালে, জাতির বিবেককে নাড়া দিয়েছিল প্রবলভাবে যে যুগান্তকারী ঘটনা সেটি হল জালিয়ানওয়ালাবাগের গণসংহার। আমরা বড়ো হয়েছি ভগৎ সিং-এর আখ্যান শুনে - জেনেছি তিনি মাত্র দশ বছর বয়সে জালিয়ানওয়ালাবাগে এসে সেখানকার রক্ত রঞ্জিত মাটি একটি শিশিতে ভরে নিয়ে গিয়েছিলেন নিজের গ্রামে। তাঁর ঠাকুরদাদার বাড়িতে তিনি আর তাঁর বোন সেই মাটি ঢেলে দিয়েছিলেন বাগানের এক কোণে। প্রতিবছর সেই মাটিতে তাঁরা ফুল গাছ লাগাতেন।
১৯১৯ সালের ১৩ই এপ্রিল পঞ্জাবের অমৃতসরে অন্তত হাজার (ব্রিটিশ মতে ৩৭৯) নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় তখন হত্যালীলা সাঙ্গকারীদের অথবা পরবর্তী ব্রিটিশ সরকারের বিবেক দংশন হয়নি। এই সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী টেরেসা মে ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করলেও নির্মম এই ঘটনার জন্য মোটেই ক্ষমা প্রার্থনা করেননি।




