গ্রাম-গ্রামাঞ্চলে হরেক কিসিমের গাড়িঘোড়া পাওয়া যায় বটে, কিন্তু এর জুড়ি মেলা সত্যিই ভার। লরিটা ফাঁকা হোক কিংবা মালপত্র খালাস করে ফেরার পথে, এই বাহনের জোরে চালক কিন্তু দিব্যি খানিক উপরি রোজগার করে নিতে পারেন। যে কেউ চড়তে পারে, আপনিও পারেন বইকি! তবে হাটবারের শেষে কাতারে কাতারে মানুষ যখন বাড়ি ফেরার জন্য গুঁতোগুঁতি করেন, তখন সেই ভিড়ের ফাঁক গলে এ গাড়িতে ঠাঁই পাওয়া সত্যিই কঠিন। তাছাড়া পেলেও যে শেষ অবধি চড়তে পারবেন, সেটাও হলফ করা বলা যায় না। সে ধ্যাধধেড়ে গোবিন্দপুরই হোক, কিংবা পাণ্ডববর্জিত কোনও নাম-না-জানা গ্রাম, ভারতের যে প্রান্তেই যান না কেন, দেখবেন যে প্রতিটা লরির চালকের মধ্যেই বসত করে এক ট্যাক্সি-ড্রাইভারও! এক মিনিটের জন্যও যদি গাড়ির মালিকের নজর সরে, তক্ষুনি চালক মহাশয় ভোঁকাট্টা হয়ে যান উপরি টু-পাইসের ধান্দায়। তবে হ্যাঁ, ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলির জনজীবনে সারথির ভূমিকায় অবতীর্ণ হাওয়া এই মানুষেরা অপরিহার্য। গাড়িঘোড়ার নামগন্ধও যেখানে নেই, সেখানে দেবদূতের মতো দেখা দেন তাঁরা – একটুখানি ভাড়া গুনতে হয়, এই যা!
কোরাপুট, ওড়িশা। হাইওয়ের কাছেই একটা গ্রাম, আঁধার নামার আগেই বাড়ি ফেরার তাড়া। এ হেন অবস্থায় ঠিক কতজন যে হাঁচড়-পাঁচড় করে লরিতে উঠেছিলেন, সেটা ঠিক ঠাহর করতে পারিনি। ড্রাইভার বাবাজির হিসেব কিন্তু পাক্কা ছিল, পাইপয়সা হিসেব করে ভাড়া নিয়েছেন যে তিনি। কিন্তু নাহ্, তাঁর হিসেবটাও যে ষোল আনা ঠিক এটা বলা যাবে না, কারণ সবাই যে সমান ভাড়া দিয়েছেন তা নয়। উপরন্তু ভারি মালপত্র কিংবা ছাগল-মুরগি নিয়ে গেলে তার আবার ভাড়া আলাদা। অন্যদিকে আপনি যদি চালকের চেনাজানা কেউ কিংবা বয়স্ক মানুষ হন, তাহলে ভাড়ায় খানিক ছাড় পেলেও পেতে পারেন। হাইওয়ে ধরে চলতে চলতে তিনি যাত্রীদের তাঁদের নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেন। তারপর সেখান থেকে তাঁরা হন্তদন্ত হয়ে মাঠঘাট জলাজঙ্গল পেরিয়ে বাড়ির দিকে রওনা দেন। সঙ্গী হয় ক্রমশ জমাট বাঁধা অন্ধকার।
বেশিরভাগ যাত্রীর বাড়িই হাইওয়ে থেকে বহু যোজন দূরে, তাঁদের প্রায় সব্বাই ৩০ কিলোমিটার ঠেঙিয়ে হাটে গিয়েছিলেন। ১৯৯৪ সালে কোরাপুটে লরিতে চেপে ২০ কিলোমিটার যেতে দু-পাঁচটাকার বেশি লাগত না। তবে হ্যাঁ, একেক জন চালক যেমন একেক রকম ভাড়া চাইতেন, তেমনই রাস্তাঘাট কতটা খারাপ, বাড়ি পৌঁছনোর জন্য আপনি কতখানি মরিয়া এবং সর্বোপরি চালক ও যাত্রীর মধ্যে দরদাম করার ব্যাপারে কে কতটা তুখোড় – এসবের উপর নির্ভর করতো ভাড়া। তবে এভাবে যাতায়াত করার ব্যাপারে আমার মুশকিলটা ছিল অন্য একটা ব্যাপারে। আমি যে ড্রাইভারের কেবিনের বদলে লরির পিছনে হাটুরে মানুষের সঙ্গেই চড়তে চাই, কিংবা নিদেনপক্ষে চালকের কেবিনের মাথায়, এটা বোঝাতে বোঝাতেই হাড়ে দুব্বোঘাস গজিয়ে যেত। অথচ, এভাবেই যে আমি হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছি!



