বাজেটের ব্যাপারে তেমন মাথা ঘামান না সৈয়দ খুরশিদ। "খবরের চ্যানেল-ট্যানেল দেখার চেষ্টাও করি না আমি," বাহাত্তুরে মানুষটা নিশ্চিন্ত কণ্ঠে জানালেন। "এদের কতটা যে সত্যি আর কতটা যে ভেক ধরা ঢাক পিটোনো, কে জানে!"
সাম্প্রতিক বাজেটে আয়কর স্ল্যাবে রদবদলের ব্যাপারটা অবশ্য জানা আছে তাঁর, কথাপ্রসঙ্গে কেউ একবার বলেছিল বটে। "কিন্তু আমার মহল্লায় একটা লোকেরও এতে কিছু ফায়দা হয়েছে বলে তো শুনিনি বাবা,"হেসে ফেলেন তিনি। "হাম আপনা কামাতে হ্যায় অউর খাতে হ্যায় [রুটিরুজির জন্যই তো খাটি ]।"
মহারাষ্ট্রের পারভানি জেলায় গঙ্গাখেড় গঞ্জে গত ৬০ বছরেরও বেশি সময় যাবৎ দর্জির কাজ করছেন সৈয়দ। আব্বার থেকে এ বিদ্যে যখন শিখেছিলেন তখন বছর আটেক বয়স তাঁর। তবে, আগের মতো আর তেমন লাভ নেই এ ব্যবসায়। "উঠতি প্রজন্মের তো এখন রেডিমেড জামাকাপড়ের দিকেই বেশি ঝোঁক," ব্যাপারটা বুঝিয়ে বলেন তিনি।




