উত্তরাখণ্ডের পাহাড়ি জেলাগুলিতে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বাঁদরেরা। ফলাফল জানা যাবে আগামীকাল, ১১ মার্চ।
“এই অবিরাম বাঁদরের উৎপাত আমাদের জীবনটাকে ছারখার করে দিয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলি খালি ভোট-ই চাইতে আসে। (আমরা) ভোট না দিলে ওঁরা বলেন, ‘তোমরা ভোট দাওনি, কাজেই তোমাদের নালিশ করারও হক নেই’,” বলছেন পুরণ লাল সিং।
আর তাই, ফেব্রুয়ারি মাসের এক ঝকঝকে সকালে, আলমোড়া জেলার সোমেশ্বর ব্লকের জল ধাউলার গ্রামে যখন কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির উচ্চনিনাদী নির্বাচনী মোর্চাগুলি হাফ-কিমি দূরে একের পর এক দ্রুত পার হল, পুরণ লাল বা তাঁর স্ত্রী নন্দী দেবীর উপর তার বিন্দুমাত্র প্রভাব পড়ল না। দুজনেই নিজ নিজ কাজ চালিয়ে গেলেন।








