সারাটা অগস্ট জুড়ে পান্না জেলায় বৃষ্টি পড়েছে, কৈথাবারো জলাধার আজ পানিতে টইটুম্বুর। সন্নিকটের পান্না ব্যাঘ্র প্রকল্পে (পিটিআর) যতগুলো টিলা রয়েছে, সেখানকারই পাহাড়-ধোওয়া জল এসে জমা হয় এই কৃত্রিম সরোবরে।
একখান হাতুড়ি বাগিয়ে বাঁধের ধারে এসে হাজির হলেন সুরেন আদিবাসী। খরস্রোতে বইতে থাকা পানি খুঁটিয়ে দেখতে লাগলেন নতুন কোনও পাথর বা জঞ্জাল ফেঁসে জলের স্রোত আটকে গিয়েছে কিনা। হাতুড়ির ঘায়ে খানকতক পাথর এদিক-ওদিক সরিয়ে দিলেন, যাতে ভীমবেগে বইতে থাকা পানি আরও জোরে বয়ে যেতে পারে।
“জলটা ঠিকঠাক বইছে কিনা সেটাই দেখতে এসেছি,” পারি'কে এটা জানিয়েই ঘাড় নেড়ে বলে উঠলেন, “হ্যাঁ, বইছে বটে।” বিলপুরা গাঁয়ের এক ক্ষুদ্রচাষি সুরেন আদিবাসী, স্রোত বরাবর কয়েক মিটার দূরেই তাঁর ধানখেত। ফলন্ত ধান শুকিয়ে বরবাদ হয়ে যাবে না ভেবে হাঁফ ছেড়ে বাঁচলেন মানুষটি।
ছোট্ট বাঁধের দিকে ইতিউতি চাইতে চাইতে তিনি বললেন, “এটা বিশাল বরকত। ধান হয়, গমও হয়। এই ড্যামটা হওয়ার আগে অব্দি আমার এক একর জমিতে চাষবাস করতেই পারতাম না।”
পাহাড়ি বাঁধ বানানোয় মদত করে এই বরকত বিলপুরার মানুষজন নিজেরাই নিজেদের এনে দিয়েছেন।
এই গাঁয়ের বাসিন্দা হাজার জন, অধিকাংশই গোণ্ড আদিবাসী (তফসিলি জনজাতি) এবং কৃষক, খানকতক করে গরুছাগলও আছে সবার। ২০১১ সালের জনগণনা মোতাবেক বিলপুরায় কেবল একখানি টেপাকল ও একটি কুয়ো রয়েছে। জেলার ভেতরে তথা আশপাশে রাজ্য সরকার খানকতক পাথর-বাঁধানো পুকুর বানিয়ে দিয়েছে বটে তবে স্থানীয় মানুষেরা জানাচ্ছেন যে সেখানে জল ধরার কোনও বন্দোবস্ত নেই, ফলে “পানি রুকতা নহিঁ হ্যায় [জলটুকু থাকতেই চায় না]।”








