মোটামুটি নব্বইয়ের দশক পর্যন্ত এখানে হাজার ঢুঁড়লেও এমন কাউকে পাওয়া দুষ্কর ছিল যে কিনা দশম শ্রেণির পর পড়েছে। নতুন প্রজন্ম সবেমাত্র ধীরপায়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা জগতে পা রাখছে। ধরুন ক্লাস ওয়ানে ২৫টি ওয়ারলিভাষী শিশু ভর্তি হল, এদের মধ্যে কেবল জনা আটেক ক্লাস টেন পর্যন্ত পৌঁছতে পারবে। স্কুলছুট হওয়ার সংখ্যাটা বড্ড বেশি। ওই ৮ জনের ভিতর আবার ৫-৬ জন বাদে বাকিরা পাশ করতে অক্ষম হবে। উপরন্তু দ্বাদশ শ্রেণির চৌকাঠ ডিঙোতে ডিঙোতে আরও বেশ কিছু পড়ুয়া লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হবে। শেষমেশ দেখা যে শুরুর ২৫ জনের মধ্যে মাত্র ৩-৪ জন স্কুলশিক্ষা খতম করতে পারছে।
প্রায় ১০ কিলোমিটার পথ ঠেঙিয়ে তালুক অবধি পৌঁছতে পারলে তবেই স্নাতক হওয়ার কথা ভাবা যেতে পারে। এই তল্লাটে আর তেমন কিছুই ব্যবস্থা নেই, তাই উচ্চশিক্ষিত হতে গেলে সুদূর থানে, নাসিক, এমনকি পালঘর পর্যন্ত যেতে বাধ্য হয় পড়ুয়ারা। সব মিলিয়ে দেখা যায়, এ তালুকের মোটে ৩ শতাংশ ছাত্রছাত্রী গ্র্যাজুয়েট হতে পারছে।
ওয়ারলি জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার হার অত্যন্ত কম, তবে অবস্থাটা বদলানোর প্রয়াস চলছে। আমরাও তেমন আরও বেশি বেশি করে চেষ্টা করছি, যাতে গাঁয়ে গাঁয়ে গিয়ে মানুষের নিজের বুলিতে তাঁদের সঙ্গে কথোপকথন চালানো যায়। লক্ষ্য একটাই — যোগসূত্র স্থাপন ও বিশ্বস্ত হয়ে ওঠা।
দস্তাবেজিকরণে সাহায্য করেছেন আরোহনের হেমন্ত শিঙ্গাডে, তাঁকে পারি'র ধন্যবাদ।
সাক্ষাৎকার: মেধা কালে
পারি’র বিপন্ন ভাষা প্রকল্পের (ইএলপি) লক্ষ্য, আমজনতার বয়ানে তাঁদের যাপিত অভিজ্ঞতার মাধ্যমে ভারতের সংকটাপন্ন ভাষাসমূহের দস্তাবেজিকরণ।
ইন্দো-আর্য ভাষাসমূহের অন্তর্গত ওয়ারলি ভাষাটি ভারতের ওয়ারলি বা ভারলি আদিবাসীদের মাঝে প্রচলিত যাঁরা গুজরাত, দমন-দিউ, দাদরা ও নগর হাভেলি, মহারাষ্ট্র, কর্ণাটক এবং গোয়ায় বসবাস করেন। ইউনেস্কোর ভাষা মানচিত্রে এটি ভারতের সম্ভাব্য বিপন্ন ভাষার তালিকায় স্থান পেয়েছে।
আমাদের লক্ষ্য মহারাষ্ট্রে কথ্য ওয়ারলি ভাষাকে নথিভুক্ত করা।
অনুবাদ: জশুয়া বোধিনেত্র