‘খেলা হবে’ আর ‘আবকি বার চারশো পার’-এর জব্বর টানাপোড়েনে পড়েছে বটে আমাদের রাজ্য। সরকারি যোজনা, সিন্ডিকেট মাফিয়া, ভাতা বনাম খয়রাতের রাজনীতি আর বিক্ষোভের বিরোধাভাসের চিরপরিচিত ছবি শুধু তো বাংলার না, ভারত নামের ভূগোলেও সমান প্রাসঙ্গিক।
কাজের তাড়নায় ঘরছাড়া দেশান্তরি মজুর, চাকরির দূরাশায় লাট্টুর মতো পাক খাওয়া যুবসমাজ, রাজ্য বনাম কেন্দ্রের ফাঁদে আটক আমজনতা, জলবায়ুর খামখেয়ালি মেজাজের ধাক্কায় পায়ের তলার মাটি হারানো চাষি, সংখ্যালঘুর খোয়াবনামায় মৌলবাদের চাষ — সব মিলিয়ে পুড়ছে স্বপ্ন, ভাঙছে শরীর। কৌম-ভাবনার চৌমাথায় আজ ভিড় জমিয়েছে বর্ণ, শ্রেণি, লিঙ্গ, ভাষা, জাতি, ধর্ম।
এই মহাভারতের অলিগলি হয়ে চলেছি আমরা, শুনছি হতভম্ব মানুষের অসহায় আর্তনাদ, প্রলাপ, বিলাপ। যাঁদের স্বর মসনদ দমাতে পারেনি, এই ঐক্যতানে এসে মিশেছে তাঁদেরও কণ্ঠ। সন্দেশখালি থেকে হিমালয়ের চা-বাগান, কলকাতার ভিড় থেকে অনেক দূরে বিস্মৃত রাঢ়, হেঁটে চলেছি আমরা — এক সাংবাদিক আর এক কবি। আমরা শুনছি, সঞ্চয় করছি, ছবি তুলছি, কথা বলছি।

















