কোরেল্লা ভেঙ্কটাচারির তিন কামরার মেঝেময় খেলনা ছড়ানো। এককোণে রঙের কৌটো, আরেক কোণে অব্যবহৃত কাঠ ডাঁই করে রাখা। সগর্বে জানালেন, “আজ ২৮ বচ্ছর হল আমি খেলনা বানাচ্ছি।”
অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কোন্ডাপল্লি (আক্ষরিক অর্থে পাহাড়তলির গাঁ) গ্রামের ২২৯ জন খেলনা শিল্পীর মধ্যে ভেঙ্কটচারি একজন। তাঁদের গ্রামের একদিকে উঠে গেছে ঘন সবুজ পূর্বঘাট পর্বতমালা, আরেক দিকে নারলা টাটা রাও তাপবিদ্যুৎ কেন্দ্র।
গ্রামের বাকি শিল্পীদের মতোই ভেঙ্কটচারির পরিবারও বহু প্রজন্ম ধরে এই স্বকীয় কোন্ডাপল্লি খেলনা বানাচ্ছেন। ওঁর বর্তমান পরিবারের সকলেই এই কাজের সঙ্গে যুক্ত। তিনি কাঠ খোদাই করলে, স্ত্রী জ্যোতি খেলনা রং করেন। তাঁদের ১৮ বছরের মেয়ে মৌনিকাও দশম শ্রেণির পর পড়াশোনা ছেড়ে এখন মা-বাবার সঙ্গে খেলনা বানানোর কাজে হাত লাগিয়েছে।








