আজ পয়লা মে, শ্রমিক দিবস। নাম্মা মেট্রো (আমাদের মেট্রো) নামে বেঙ্গালুরু মেট্রো প্রকল্পকে ডাকা হচ্ছে বটে, তবে এর নির্মাণের কাজে যুক্ত শ্রমিকরা গত মার্চ মাস থেকে তাঁদের প্রাপ্য মজুরির টাকা না পেয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন। সাবুত/এভিডেন্স, ১৩ মিনিটের একটি তথ্যচিত্র (আজই মুক্তি পেতে চলেছে), যার বিযয়বস্তু লকডাউনে শহরের মেট্রো প্রকল্প নির্মাণের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের পরিস্থিতি। আরও একটু খোলসা করে বললে, এই তথ্যচিত্রে আলোকপাত করা হয়েছে পরিযায়ী শ্রমিকরা কোন পরিস্থিতিতে বেঁচে আছেন এবং ওঁদের কাজের পরিবেশ ঠিক কেমন, তার উপরেই।
“আমি ভয়ে কাঁটা হয়ে আছি। আমরা নিজের বাড়িতে মরে গেলে তেমন সমস্যা হত না। কিন্তু যদি এখানে মৃত্যু হলে আমাদের দেখার মতো কেউই নেই,” একথা বললেন ওই পরিযায়ী শ্রমিকদের মধ্যে একজন। সাত মাস আগে গ্রাম ছেড়েছেন তিনি। লকডাউন জারি হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাঁর প্রতীক্ষার সময় আরও দীর্ঘায়িত হল। একই হাল তাঁর অন্য অনেক সহকর্মীর। টিনের পাত দিয়ে তৈরি ঘরগুলোতে বসবাস করেন - একেকটা ঘরে ১০-১৫ জন থাকেন, এরই ভিতর সামাজিক দূরত্ব বজায় রাখারও চেষ্টা করছেন তাঁরা।


