হাতি তার ফাঁদিকে (প্রশিক্ষক) কক্ষনও ভোলে না, বলেন শরৎ মোরান। আজ অব্দি ৯০টিরও বেশি হাতি তালিম পেয়েছে তাঁর কাছে। আরও জানালেন, দৈত্যাকার প্যাকিডার্মের যদ্দিন আয়ু ততদিন সে গহীন থেকে গহীনতর জঙ্গলে বুনো হাতির পালের মাঝে থাকলেও ফাঁদির ডাকে ঠিক দৌড়ে চলে আসবে।
অস্থায়ী এই প্রশিক্ষণ শিবিরের নাম পিলখানা, সেখানে ধীরে ধীরে মানব-পরশ চিনতে শেখে নবজাতক হাতিরা। রোজকার বাঁধা ছকে চলতে চলতে একদিন মানুষের ছোঁয়া নিত্যকার জিনিস হয়ে ওঠে তার কাছে। “তালিমের সময় এট্টুখানি ব্যথাও বিশাল মনে হয়,” শরৎ দাদা জানাচ্ছেন।
একে একে কাটে দিন, বাড়তে থাকে হস্তীশাবকের আশপাশে থাকা লোকজনের সংখ্যা, শেষে সকল অস্বস্তি কাটিয়ে উঠতে সক্ষম হয় সে।
প্রশিক্ষণ চলাকালীন শরৎ মোরান তথা অন্যান্য ফাঁদিরা মন জুড়ানো গান শোনান হাতিটিকে, প্রশান্তিদায়ক সে গানে ফুটে ওঠে পশু ও তার প্রশিক্ষকের দোস্তির কাহিনি।





