এই তল্লাটে মুখে মুখে ফেরে বিরাট কোহলির নাম। ডুঙ্গরা ছোটা গাঁয়ে ভারতীয় এই ক্রিকেট তারকার অগুনতি ভক্ত।
শীতের সকাল, সবে ১০টা বেজেছে, এরই মধ্যে ডজনখানেক খুদে খুদে খেলোয়াড় ক্রিকেটে মত্ত। চৌকোমতন একচিলতে খোলা জমি, চারপাশে ঝকঝকে সবুজ মকাইখেত, চট্ করে দেখলে ক্রিকেটের ময়দান বলে ঠাহর করতে পারবেন না। তবে বাঁশওয়াড়া জেলার এই ছোট্ট গ্রামের ক্রিকেটভক্তরা এ মাঠটার প্রতি ইঞ্চির সঙ্গে পরিচিত — পপিং ক্রিজ থেকে বাউন্ডারি সীমানা পর্যন্ত।
এইটা বোধহয় সব্বাই জানে যে ক্রিকেটপাগল কারও সঙ্গে আলাপ জমানোর সবচাইতে খাসা উপায় তার প্রিয় ক্রিকেটারদের সম্বন্ধে জিজ্ঞেস করা। এই গাঁয়ে সেটা বিরাট কোহলি হলেও আরও বেশ কিছু নাম উঠে এল: রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ্, সূর্যকুমার যাদব, মহম্মদ সিরাজ...
তবে শেষমেশ আরেকটা নামও যোগ করল ১৮ বছরের শিবম লাবানা, “আমার পছন্দ স্মৃতি মান্দানা।” এই বাঁহাতি ওপেনার তথা ভারতীয় টোয়েন্টি-২০ মহিলা দলের প্রাক্তন কাপ্তান এদেশের জনপ্রিয়তম ক্রিকেটারদের অন্যতম।
তবে একটু পরেই আরেকটা জিনিস টের পেলাম, স্মৃতি মান্দানা ছাড়া আরও একজন বাঁহাতি ক্রিকেটার ময়দানের আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
উঠতি বোলার ও ব্যাটারদের প্রায় প্রত্যেকেই ছেলে, শুধু একটি মেয়ে, আর এই মেয়েটিই সকলের মধ্যমণি। চেহারাটা ছোট্টখাটো তো কী হয়েছে? ন’বছরের হিতাক্ষী রাহুল হড়ক্ষি দেখলাম পুরোদস্তুর ক্রিকেটারের সাজে মাঠে নেমেছে — সাদা বুটজুতো, পায়ে প্যাড, উরু আর কনুইয়ে গার্ড।










