নারায়ণ কুণ্ডলিক হাজারে বাজেট শব্দটা কিন্তু বেশ বুঝতে পারেন, তাঁর নিজের বাজেটখানা তেমন চড়া নয় কিনা!
"আপলো তেভঢ় বাজেটস্ নাহি [অমনধারা বাজেট নেই আমার]!" বারো লাখ পর্যন্ত করমুক্ত উপার্জনের এই নয়া আমল নিয়ে যাবতীয় হইহইয়ের গ্যাস বেলুনখানা মোটে চাট্টি শব্দে চুপসে দেন নারায়ণ কাকা।
কেন্দ্রীয় বাজেট নিয়ে জিজ্ঞেস করলে অবশ্য মাথা চুলকে ভাবতে বসেন বছর পঁয়ষট্টির এই চাষি তথা ফলওয়ালা। তারপর দৃঢ় বিশ্বাসে উত্তর করেন,"এ জিনিসটার ব্যাপারে কখনো কিচ্ছুটি শুনিনি। এই এতগুলো বছরে একবারও না।"
এ ব্যাপারে নারায়ণ কাকার জানার অবিশ্যি উপায়ও ছিল না। "মোবাইল ফোন-টোন তো নেই আমার কাছে। আর বাড়িতে একখানা টিভিও নেই।" দিনকয়েক আগে এক বন্ধু তাঁকে একখানা রেডিও উপহার দিয়েছিলেন বটে। কিন্তু গণসম্প্রচার পরিষেবা মারফত এই বার্ষিক ক্রিয়াকলাপটির খবর এখনও এসে পৌঁছয়নি তাঁর কাছে। "আমসা আডানি মানসাছা কায় সম্বন্ধ, তুমহিস সাঙ্গা [আমার মতো মুখ্যুসুখ্যু লোকজনের কী আর কোনও জানাশোনার রাস্তা আছে]?" উদাস কণ্ঠে প্রশ্ন ছোঁড়েন তিনি। 'কিষান ক্রেডিট কার্ড' কিংবা 'বর্ধিত ঋণসীমা'-র মতো শব্দগুলো নিতান্তই বিলিতি ঠেকে নারায়ণ হাজারের কানে।



