কে. সুনীলের বাড়ি কানিয়ানপুরা কলোনি - কর্ণাটকের চামরাজনগর জেলার বান্দিপুর জাতীয় উদ্যানের একেবারে সীমানা ঘেঁষে। কানিয়ানপুরা নামটা আদিবাসী কলোনির, আবার আস্ত গ্রামেরটিরও বটে। সুনীল সোলিগা আদিবাসী পরিবারের যুবক। তার মা-বাবা পেশায় শ্রমিক, আর ছোটো বোন বাড়িতেই থাকে।
উনিশ বছরের সুনীল দশম শ্রেণি অবধি পড়েছে। এখন সে তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালার তেমাথায় অবস্থিত, মুদুমালাই এলাকার জাতীয় উদ্যান তথা অভয়ারণ্য করগুড়ি গ্রামে কাজ করে - যা কিনা বান্দিপুর জাতীয় উদ্যানেরই বর্ধিত অংশ। সুনীল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের দ্বারা নিযুক্ত কর্মী। তার কাজ ছাত্রছাত্রীদের গাছপালা পরিমাপ করার সময় ও অন্যান্য ফিল্ড ওয়ার্ক চলাকালীন কাজে সঙ্গ দেওয়া।












