২০২৩ সালটা বেশ জমজমাট কেটেছে পারি’র ফিল্ম ডিভিশনের – ভিডিও, তথ্যচিত্র, ছোটো ছোটো ক্লিপ থেকে একেবারে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের ভাণ্ডার ভরে উঠেছে গ্রামীণ ভারতবর্ষকে কেন্দ্র করে।
অনলাইন পত্রিকা হিসেবে আমরা সাধারণত এমন ধরনের ছবির প্রতি আগ্রহী যা আমাদের চারপাশের ঘটনাপ্রবাহ এবং রোজের সংবাদকে গভীরভাবে যাচাই করতে চায়। বিহারের আজিজিয়া মাদ্রাসা নিয়ে আমাদের তথ্যচিত্রে খতিয়ে দেখা হয়েছে বিহারের বিহারশরিফ গঞ্জ শহরে সাম্প্রদায়িক হিংসার জেরে ১১৩ বছরের পুরনো এক গ্রন্থাগার আগুন লেগে ধ্বংস হয়ে যাওয়ার পরিণাম। রাজস্থানের জয়সলমের জেলায় ‘ওরণ’ নামে পরিচিত একধরনের পবিত্র কুঞ্জবন কেটে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন কেন্দ্র বানানো বিষয়ে আমাদের ছবি এই কুঞ্জগুলিকে ‘পোড়োজমি’ হিসেবে দাগিয়ে দিয়ে সৌর ও হাওয়াকল সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে।
আমাদের বছরটা শুরু হয়েছিল অসমে ব্রহ্মপুত্রের তীরে এক আদিবাসী রাখালের মেদুর গলার প্রেমের গীত দিয়ে। সারা বছর ধরে পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, কর্ণাটক, রাজস্থান-সহ দেশের নানান প্রান্তের গান ও নাচ আমাদের সংগ্রহে জুড়েছি আমরা।
আর আমাদের বছর শেষ হচ্ছে পারি’র জাঁতা পেষাইয়ের গান প্রকল্পের উপর একটি ফিল্ম দিয়ে – কয়েক দশক ধরে একটু একটু করে গড়ে ওঠা এই বিপুল সংগ্রহের অন্দরমহলের ঝাঁকিদর্শন।
এ’বছর আমাদের তৈরি অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হল ‘ওয়ার্থ’ বা ‘মূল্য’, পুণের জঞ্জালকুড়ুনিদের নিয়ে এই ছবিতে তাঁরা প্রশ্ন তুলেছেন, “জঞ্জাল আপনারা তৈরি করেন, তা হলে আমরা ‘কাচরেওয়ালি’ [নোংরা মহিলা] হই কেমন করে?” জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আমাদের তৈরি ছবিগুলির মধ্যে আছে আলফোনসো আমের চাষ এবং আবহাওয়ার খামখেয়ালিপনায় চাষিদের দুশ্চিন্তা নিয়ে একটি ছবি।
পাশাপাশি, সারা বছর ধরেই ভারতের বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায়কে নিয়ে আমাদের ছবির সংগ্রহে যোগ করতে থেকেছি আমরা। মেদাপুরমে মাদিগা জনজাতির মানুষদের উগাডি উদ্যাপন নিয়ে এই ছবিটি নবজাতক একটি দলিত উৎসবের গন্ধ-বর্ণ-স্পর্শ সজীব করে তোলে। মালাবার অঞ্চলের বিভিন্ন জাতি ও জনজাতির মানুষের বয়ে নিয়ে চলা বিলুপ্তপ্রায় তোলপাওয়াকুথু শিল্পধারা বিষয়ে এই দীর্ঘ চলচ্চিত্রটি পুতুলনাচের মাধ্যমে এক বহুত্ববাদী সংস্কৃতির গল্প বলে। পড়শি রাজ্য কর্ণাটকের তুলুনাড়ুর ভূত পরবের অবিচ্ছেদ্য অঙ্গ এক নাদস্বরম বাদকের জীবনের না-বলা কাহিনি তুলে ধরে আরও একটি ছবি। পশ্চিমবঙ্গে ধাতব ডোকরা মূর্তিশিল্পের বিলুপ্তপ্রায় মোম-ছাঁচ পদ্ধতি নিয়ে বিস্তারে আলোচনা হয়েছে আর একটি চলচ্চিত্রে।
এই সব ছবির মেলায় আপনারাও ঘুরে যান একবার।











