“আমাদের খাবারের প্যাকেট দিতে হবে না, রেশনের দোকান থেকে চাল কেনার ক্ষমতা আছে আমাদের। বরং এই জল জমার সমস্যার কিছু সমাধান করুন দেখি!” সেম্মনজেরিতে জড়ো হওয়া মহিলারা বললেন।
চেন্নাই থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে, কাঞ্চিপুরম জেলার অন্তর্গত ওল্ড মহাবলীপুরম রোডের পাশে অবস্থিত এই এলাকা, ২০২০ সালের ২৫শে নভেম্বর ভয়াবহ রকম জলমগ্ন হয়েছিল।
এই নিচু অঞ্চলের বাসিন্দাদের কাছে জল জমার ঘটনা আদৌ নতুন কিছু নয়। ২০১৫ সালে চেন্নাইয়ের ভযংকর বন্যা ও পরবর্তী অব্যবস্থার জেরে সেম্মনজেরিও প্রভাবিত হয়েছিল। পরবর্তী বছরগুলিতে কিছু কিছু এলাকার রাস্তা ও নিকাশি ব্যবস্থায় খানিকটা উন্নতি হয়েছে।
সেম্মনজেরি (সেম্মনচেরি নামেও পরিচিত) আবাসন পর্ষদের এলাকাগুলির অবশ্য এই তালিকায় নাম নেই - বিভিন্ন সময়ে নগর ও পরিকাঠামো ‘উন্নয়নের’ খাতিরে স্থানান্তরিত মানুষদের মাথা গোঁজার ঠাঁই এই জায়গা এমনিতেই উপেক্ষিত। এখানকার বাসিন্দারা চেন্নাই শহরে গৃহকর্মী, সাফাইকর্মী, অটোরিকশাচালক হিসাবে, অথবা অসংগঠিত ক্ষেত্রে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করেন।
ঘুর্ণিঝড় নিভার করাল চেহারা নিয়ে তামিলনাড়ুর উপর নেমে এলে তার জেরে কুড্ডালোরে ২৫০ মিমি ও চেন্নাইয়ে ১০০ মিমি বৃষ্টি হল, এর ফলে সেম্মনজেরির বাড়িগুলিতেও হুহু করে জল ঢুকে গেল। ঘরের মধ্যে এক ফুট, ও রাস্তায় প্রায় দুই ফুট জল দাঁড়িয়ে গেল।















