“আজ বাবা থাকলে কত ভালো হত,” ফিসফিস করে বললেন প্রিয়াঙ্কা মণ্ডল। ঝকঝকে লাল সোনালি পোশাকে, কোলে ফুলের রাশি নিয়ে, শ্বশুরবাড়ি যাওয়ার নীল গোলাপি পালকিতে বসে পিতার স্মৃতিতে ভারাক্রান্ত হলেন প্রিয়াঙ্কা।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামের ২৩ বছর বয়সী প্রিয়াঙ্কার, ৭ই ডিসেম্বর ২০২০ তারিখে বিয়ে হল ২৭ বছর বয়সী হিরণ্ময় মণ্ডলের সঙ্গে। হিরণ্ময় পাশের বাড়িতেই থাকতেন, এবং কাজ করেন ফ্লোর এক্সেকিউটিভ হিসাবে কলকাতার একটি পোশাক-বিপণিতে। দুজনের মধ্যে প্রেম ছিল, আর তাঁরা ঠিক করেছিলেন ২০১৯ সালে বিয়ে করবেন।
কিন্তু প্রিয়াঙ্কার বাবা, ৪৫ বছর বয়সী অর্জুন মণ্ডল ২০১৯ সালের ২৯শে জুলাই বাঘের আক্রমণে মারা গেলে, লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এই গ্রামে দুজনে নিজেদের বিয়ে স্থগিত রাখেন। পেশায় মৎস্যজীবী অর্জুন নিয়মমাফিক সেদিনও গিয়েছিলেন সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অঞ্চলের একেবারে মূল এলাকায়, পিরখালি গাজি জঙ্গলে, কাঁকড়া ধরতে। তাঁর দেহাবশেষটুকুও আর পাওয়া যায়নি।
অর্জুন, কাঁকড়া ধরতে জঙ্গলে গেলেই বাড়ির সবাই তাঁর নিরাপদে বাড়ি ফিরে না আসা অবধি আতংকে থাকতেন। ২০১৯-এর জুলাই মাসে অর্জুন যখন শিকার ধরতে গিয়েছিলেন, তখনও নিজের মেয়ের বিয়ের কথা তাঁর মাথায় ছিল। কিন্তু সেটাই হয়ে দাঁড়ালো তাঁর শেষ যাওয়া।
“প্রিয়াঙ্কার বিয়ের জন্য আমাদের টাকার দরকার ছিল, কাজেই জঙ্গলে না গিয়ে ওর আর উপায় ছিল না, কিন্তু ওর মনে কু ডেকেছিল,” বললেন তাঁর স্ত্রী, পুষ্পা।

























