মহিলাদের চুলে সাদা লিলি আর আবোলি (কনকাম্বরী) ফুল শোভা পাচ্ছে। পরনের লাল, নীল, সবুজ এবং গোলাপি শাড়িতে আটকানো লাল রঙের ব্যাজ। তাঁদের রংবেরঙের শাড়ির বৈচিত্র্যে ডাহানু রোড স্টেশনের ৩ নং প্ল্যাটফর্মে এই সপ্তাহের মঙ্গলবারের শান্ত দুপুরটি উজ্জ্বল হয়ে উঠল। আরও অসংখ্য যাত্রীর মতো তাঁরাও ট্রেনের অপেক্ষায় আছেন; সহযাত্রীদের মধ্যে আছে পড়ুয়ারা যারা প্রায় ১০০ কিলোমিটার পাড়ি দিয়ে যাবে দক্ষিণ মুম্বইয়ে, আর আছেন শ্রমিকরা যাঁদের গন্তব্য কয়েক কিলোমিটার দূরে উত্তরের উম্বেরগাঁওয়ের মতো শহরের কারখানাগুলি।
ওয়ারলি আদিবাসী সম্প্রদায়ভুক্ত এই কৃষিজীবী মহিলাদের সঙ্গে খুব শিগগির যুক্ত হতে চলেছে মহারাষ্ট্রের পালঘর জেলার ডাহানু তালুকের অন্যান্য স্থান থেকে আগত মহিলা ও পুরুষদের আরও নানান ছোটো বড়ো দল।
সারা ভারত কিষান সংঘর্ষ সমন্বয় কমিটির আহ্বানে ২৯-৩০শে নভেম্বর সংসদভবন যাত্রায় তাঁরা সবাই যোগদান করতে দিল্লি চলেছেন। এই কমিটি অল ইন্ডিয়া কিষান সভার মতো (এআইকেএস) সারা দেশের প্রায় ২০০টি কৃষক সংগঠনের একটি যৌথ মঞ্চ। ডাহানু স্টেশনে অপেক্ষারত আদিবাসী কৃষকরা এই এআইকেএস-এর সদস্য। তাঁদের দাবি - দেশের কৃষি সংকট পর্যালোচনার জন্য সংসদের তিন সপ্তাহের একটি বিশেষ অধিবেশন, যেখানে টানা তিনদিন জুড়ে মহিলা কৃষিজীবীদের অবস্থা এবং দাবিদাওয়াগুলি খতিয়ে দেখা হবে।










