রাজু চৌধুরী একজন বহুরূপী শিল্পী। বহুরূপী, অর্থাৎ - অনেক (বহু) চরিত্রের (রূপী) সমাহার। তাঁর বয়স এখন ৪০ বছর, সেই ১৪ বছর বয়স থেকে তিনি বহুরূপীর ভূমিকায় অভিনয় করছেন। তাঁর কথায়, “দীর্ঘদিন ধরে আমি এই কাজ করছি। আমাদের পূর্বপুরুষরাও বহুরূপী ছিলেন, আর আমার সন্তানরাও...”
রাজু চৌধুরী নিজে বেদিয়া তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ, বেদিয়া সম্প্রদায় পশ্চিমবঙ্গের তফসিলি উপজাতি সম্প্রদায়ের মোট জনসংখ্যার শতকরা ৫.৮ শতাংশ (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)। রাজুর গ্রাম, বীরভূম জেলার লাভপুর ব্লকের অন্তর্গত বিষয়পুরে প্রায় ৪০টি বেদিয়া পরিবার আছে, সকলেই বংশপরম্পরায় বহুরূপী অভিনেতা/অভিনেত্রীর পেশায় নিযুক্ত।
এই প্রতিবেদনের সঙ্গের ভিডিওটিতে, রাজু তারাসুন্দরী নামের এক কল্পিত চরিত্রের ভূমিকায় তারাসুন্দরীর সাজে অবতীর্ণ। স্থানীয় লোকশ্রুতিতে তারাসুন্দরী দেবী কালীর আরেক রূপ। এই চরিত্রের মাধ্যমে, তিনি বর্ধমানের এক রাজার গল্প বলেন – সম্ভবত স্থানীয় লোকগাথাকে তিনি নিজের মতো করে তৈরি করেছেন - বাংলা শব্দ, ছড়া, গানের মিশেলে। পায়ে ঘুঙুর বেঁধে, মে মাসের ৪০ ডিগ্রির প্রখর তাপে (২০১৭ সালে, যখন এই ভিডিওটি বিষয়পুর গ্রামে তোলা হয়েছিল) তিনি অবিশ্বাস্য প্রাণশক্তিতে নৃত্য এবং উদাত্ত কণ্ঠস্বরে গান করে চলেন, সঙ্গী কাঠের একটি লাঠি যেটি ঠুকে তিনি তাঁর ছন্দ বজায় রাখেন।




