পেরাম্বালুরের কয়েকটি গ্রামে উন্নয়নের লক্ষ্যে কর্মরত পায়ির নামে এক সংস্থার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মনিমারনের ইচ্ছা শিশুদের জন্য এমন কিছু খেলা উদ্ভাবন করা, যাতে শারীরিক দূরত্ব বজায় রেখেও ওদের মধ্যে সামাজিক মূল্যবোধ সৃষ্টি করা যায়। “আমরা ইতিমধ্যে এই কাজ শুরু করেও দিয়েছি কিন্তু আপাতত আমরা নিজেদের গ্রামে কোভিড-১৯ সম্বন্ধে সচতনতা সৃষ্টির কাজে অধিক মনোনিবেশ দিয়েছি। এই বিষয়টি একেবারে অভূতপূর্ব এবং গ্রামের মানুষ এর সম্বন্ধে কিচ্ছু জানেন না। কয়েকদিনের মধ্যেই আমরা মনিমারন ও মগিঝিনির সঙ্গে শিশুদের জন্য নতুন খেলা তৈরির কাজে হাত দেব,” পায়ির সংস্থার পরিচালক, প্রীতি জেভিয়ার জানালেন।
তাঁদের মতো শিল্পীদের পক্ষে এ যে বড়ো কঠিন সময়ে, তা স্বীকার করলেন মনিমারন। “লোকশিল্পীরা বিশেষত সংকটকালে মানুষের মধ্যেই থাকতে অভ্যস্ত। ফলে, শারীরিক দূরত্ব বজায় রেখে নির্লিপ্ত থাকাটা খুবই অস্বস্তির।” যে সব লোকশিল্পীরা কাজ হারাতে বসেছেন, তাঁদের জন্য সরকারের কিছু করা উচিত বলে মনে করেন। তাঁর কথায়, “সামাজিক মাধ্যম ব্যবহার করে আমরা আমাদের অনুষ্ঠান করতে পারি। অর্থনৈতিকভাবে লোকশিল্পীরা এতটাই বিপন্ন যে এই সরকারের এমন কিছু একটা ভাবা উচিত।”
কিন্তু ত্রাণ মিলুক বা না মিলুক, মনিমারন ও মগিঝিনি আপনাদের করোনা ভীতি তাড়াতে, পারাই বাজিয়ে গান গাইবেনই। “এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে আমরা সাবধান করেই যাব। আর যখন করোনা কুম্বিদু জানিয়ে অবশেষে বিদায় নেবে, তখন আমরা পারাই বাজিয়ে তখন উৎসব করব।”
করোনা গীতি
মনিমারান
থানা থানা থানা
তাণ্ডব শুরু করেছে করোনা
শোনো ওহে ভাইসব
অনেকে ছড়াচ্ছে বাজে গুজব
গুজবে দিয়ো না কান৷
ফালতু কথা থেকে হও সাবধান৷
থেক না কেউ নির্বিকার৷
ভয় পাওয়ার নেই দরকার৷
রাস্তা বার কর ভাই৷
করোনাকে থামানো চাই৷
ঢেকে রাখ মুখ নাক৷
করোনা রোগ দূরে থাক৷
যদি হই সচেতন,
করোনা হবে নিবারণ৷
সবাই থাক দূরে দূরে৷
করোনা রোগ পড়বে সরে৷
থানা থানা থানা
তাণ্ডব শুরু করেছে করোনা
গুজব ছড়ানো কর বন্ধ ৷
রেখ না এই নিয়ে দ্বন্দ্ব৷
মাছমাংস খেতে পেয় না ভয়৷
নিরামিষ খেয়েও করোনা হয়৷
যত দেশ আছে ছোটবড়,
সবাই আতঙ্কে থরথর৷
বিজ্ঞানীরা অনুক্ষণ
খুঁজছেন রোগের কী কারণ৷
স্বাস্থ্যকর খাবার খাও৷
যা খেলে দেহে শক্তি পাও৷
মিথ্যা আর ভ্রান্তি থেকে
রক্ষা করো নিজেদেরকে৷
যাদের হচ্ছে কাশি হাঁচি,
যেয়ো না তাদের কাছাকাছি৷
যদি হয় জ্বর শ্বাসকষ্ট,
কোরো না ভাই সময় নষ্ট৷
আটদিন পরে যদি না সারে,
তবে করোনা হতে পারে৷
দেখাতে যাও হাসপাতালে
করোনা রোগ সারাতে হলে৷
গদ্যাংশ অনুবাদ: চিলকা
করোনা গীতি অনুবাদ: তপোব্রত ভাদুড়ি