“আমাদের পূর্বপুরুষদের আত্মা এইখানে বাস করে,” বাঁশের দেওয়াল, বাঁশের মেঝে, বাঁশের ছাদের রান্নাঘরের ঠিক মাঝখানে মাটির এক পুরু বেদীর দিকে নির্দেশ করে বলেন মনজিৎ রিসং।
ফ্যাকাশে হলুদ রঙের আয়তাকার বেদীটির উচ্চতা এক ফুট, উপরে জড়ো করে রাখা জ্বালানি কাঠ; এখানেই রান্না হয়। “এটাকে বলে মারম, এটাই আমাদের ঠাকুরঘর। মিসিং জাতির মানুষের জন্য এটা সবকিছু,” জানালেন তিনি।
মনজিৎ ও তাঁর স্ত্রী নয়নমণি রিসং আজ রাতের ভোজের উদ্যোক্তা, পাতে থাকবে হরেক সাবেকি মিসিং রান্নার একটি থালি। মিসিং জনগোষ্ঠীর (অসমে তফসিলভুক্ত জনজাতি) সদস্য এই দম্পতি একসঙ্গে অসমের মাজুলি দ্বীপের অন্তর্গত গারামুর শহরে তাঁদের বাড়িতেই চালান রিসংস্ কিচেন।
ব্রহ্মপুত্রের উপরে প্রায় ৩৫২ বর্গকিলোমিটার জায়গা জুড়ে আছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ। তার ভূপ্রকৃতি জুড়ে সীমাহীন উজ্জ্বল সবুজ ধানক্ষেত, ছোটো ছোটো জলাশয়, বুনো বাঁশ আর জলাভূমি জঙ্গল। বাড়িগুলি সব খুঁটির উপর বানানো যাতে এখানকার ফি-বছরের তুমুল বৃষ্টি আর বন্যার ধাক্কা সামলাতে পারে। সারস, মাছরাঙা, আর বেগুনি বনমুরগির মতো পরিযায়ী পাখি আনাগোনার জন্যেও বিখ্যাত এই দ্বীপ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অসমের এই জেলায় সারা দুনিয়া থেকে পর্যটকেরা আসেন।
















