গত ১০ই সেপ্টেম্বর, মূলত গোণ্ড আদিবাসী সম্প্রদায়ভুক্ত কয়েকশ কৃষক, বস্তারের জেলা সদর জগদলপুর থেকে পায়ে হেঁটে অথবা ট্র্যাক্টরে চেপে ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত ছত্তিসগড়ের রাজধানী রায়পুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কোডেবোড গ্রামের কাছে রাস্তার ধারে তাঁরা যখন একটু জিরিয়ে নিচ্ছিলেন, সেই সময় তাঁদের সঙ্গে আমার মোলাকাত হয়; পাশেই মাটিতে প্ল্যাকার্ড, ছোটো ছোটো ব্যাগপত্তর এবং অন্যান্য জিনিসপত্র ছড়িয়েছিটিয়ে রাখা। তাঁদের মধ্যে অধিকাংশই হিন্দি জানেন না, হালবি অথবা গোণ্ডী তাঁদের ভাষা।
বস্তার জেলার সোনুরাম কশ্যপ জানালেন, “আমরা এই মাসের ১০ তারিখ জগদলপুরের দান্তেশ্বরী মন্দির থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছি, আগামী ১৮ই সেপ্টেম্বর রায়পুরে পৌঁছাবো। আমরা মুখ্যমন্ত্রী রমন সিংয়ের কাছে আমাদের ঋণ মকুব করার অনুরোধ করব এবং অন্যান্য দাবিদাওয়া উত্থাপন করব।
“আমরা হলাম ছোটো কৃষক। আমাদের জমি বৃষ্টির উপর নির্ভরশীল। বৃষ্টি না হলে চাষের কাজ বন্ধ থাকে। আমাদের ২-৩ একর জমির জন্য ঋণ নিতে হয়েছে। ২০১২ সালে, আমার বাবা জেলা সমবায় ব্যাংক থেকে ৬০,০০০ টাকা ঋণ নেন। ২০১৪ সালে মারা যাওয়ার আগে তিনি আংশিক ঋণ পরিশোধ করে যান। কিন্তু এখন ব্যাংক থেকে বলছে আমাদের নাকি দুই লক্ষ টাকার ঋণ ছিল। এইজন্যই আমি এই যাত্রায় অংশগ্রহণ করে রায়পুরের পথে চলেছি।”



