ছোট্ট সাদামাটা একটা কাঠামো। বাড়িটি সাতারা জেলার কাটগুন গ্রামের মানুষদের জন্য গর্বের প্রতীক হতে পারত এবং হয়তো সত্যিই তাঁরা গর্ব করেনও। যদিও, স্থানীয় পঞ্চায়েত এই ছোট্ট বাড়িটিকে আদৌ গুরুত্ব দেয় বলে মনে হয় না। মহারাষ্ট্র সরকারেরও কোনো মাথাব্যাথা নেই।
এই বাড়িটা ছিল কিংবদন্তি সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের পূর্বপুরুষের ভিটে। তাঁর পিতামহের বাড়ি। বাড়িটার এখন জরাজীর্ণ দশা, মেরামতির বালাই নেই, ছাদের জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়ছে। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প) মতো অপরিণামদর্শী একটা প্রকল্পের অধীনেও এর চেয়ে ভালো বাড়ি তৈরি হতে দেখেছি! দেখে মনে হয় যেন এই যোজনার অধীনেই বাড়িটি অত্যন্ত দায়সারাভাবে পুনর্নির্মিত হয়েছে!
বাড়িটা এতটাই ছোটো যে মেরামতির কাজ সেরে ঘষে-মেজে পরিষ্কার করতে মোটেই খুব একটা সময় লাগবে না। তার জন্য প্রয়োজনীয় উপকরণও তৈরি আছে – ঠিক পেছনদিকে চোখ রাখলেই আপনি পঞ্চায়েতের ঝকঝকে ব্যায়ামাগার দেখতে পাবেন। এই ভগ্নপ্রায় কাঠামোর বিপরীতে রাস্তার পাশেই মুক্তমঞ্চ সমেত দাঁড়িয়ে আছে ফুলের নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান।




