গোধূলিবেলায় তিনি পরিত্যক্ত বাগানটির দিকে গেলেন। একটা বেঞ্চে বসলেন। পাশে রাখলেন হাতের বড়ো লাঠি আর ফোনটা। এক বছরের মধ্যে দ্বিতীয়বার নিঃস্তব্ধ হয়ে গেছে বাগানটা। ছোটোবড়ো সকলে আবারও ঘরবন্দি।
কয়েক দিন ধরেই তিনি বাগানটায় আসছেন। অন্ধকার নেমেছে, রাস্তায় বাতিগুলো জ্বলে উঠেছে। গাছের শাখাপ্রশাখার ছায়া পড়েছে মাটিতে। গাছগুলো দুলে ওঠায় খানিক ঠান্ডা হাওয়া বইতে থাকে, মাটিতে ঘুরপাক খেয়ে পড়া শুকনো পাতাগুলোকে দেখে অন্যমনস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা জাগে। এখন তাঁর ভিতরের আঁধার আরও জমাট বাঁধছে। অন্তরে কী এক তাড়না নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তিনি ওখানে ঠায় বসে থেকেছেন।
মধ্যকুড়ির তরুণটির মুখ এখানে অনেকেই চেনেন। অনেকে অবশ্য চেনেনও না। তাঁর ইউনিফর্ম থেকেই আন্দাজ করা যায় তাঁর পেশা। পাশের একটি বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ডের কাজ করেন। তাঁর নাম?... কেই বা জানতে চায়? সাত বছর ধরে এখানে নিরাপত্তারক্ষীর কাজ করেও, এই অ্যাপার্টমেন্টের ‘জমিদার’দের কাছে তিনি অচেনা।
উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড থেকে এখানে এসেছেন তিনি। বুন্দেলখণ্ড - যেখানে তাঁর কবি তথা গল্পবলিয়ে বাবা খুন হয়েছিলেন নিজের কথা বলার জন্য। বাবার যাবতীয় লেখাপত্তর আর বই - তাঁর একমাত্র মূল্যবান সম্পদগুলি— সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। একটা ভাঙা-পোড়া কুঁড়ে শুধু থেকে গিয়েছিল, আর ছিলেন বিধ্বস্ত মা আর তাঁর দশ বছরের সন্তান। মায়ের সে কী ভয়! কী হবে যদি ওরা তাঁর ছেলেকেও নিয়ে নেয়? ছেলেকে বললেন, পালা, যত দূরে পারিস ছুটে পালা বাছা।
ছেলেটি পড়াশোনা করতে চেয়েছিল, ইয়া বড়ো বুটজুতো পরতে চেয়েছিল। কিন্তু শেষতক সে দেখল যে সে মুম্বইয়ের স্টেশনে বুটপালিশ করছে। মুম্বইয়ে সে খুঁজেছিল আশ্রয়। তারপর নর্দমা পরিষ্কার করল, ইমারতির কাজ করল— আর ধীরে ধীরে সে নিজের জোরে নিরাপত্তারক্ষী পর্যন্ত হয়ে উঠতে পারল। ভালোই কাজটা, বাড়িতে পাঠানোর জন্য যথেষ্ট রোজগার তার আছে। শিগগির মা ছেলের বিয়ে দিতে চাইলেন।



