সবুজ পাহাড়, ছোটো ছোটো ঝোরা, আর সতেজ হাওয়ার চিত্রপটে নিজের মোষগুলিকে চরতে দেখছেন এক তরুণ।
আমি কাছাকাছি গেলে জিজ্ঞেস করেন, “আপনি কোনও সমীক্ষা করছেন বুঝি?”
আমি বলি “না”, তারপর জানাই এখানকার কিছু অপুষ্টিজনিত ঘটনা নিয়ে রিপোর্ট করতে এসেছি।
আমরা আছি মহারাষ্ট্রের পালঘর জেলার মোখাডা তালুকে, যেখানে ৫,২২১ জন শিশু গুরুতরভাবে কম ওজনের বলে চিহ্নিত হয়েছে, এই রিপোর্ট অনুসারে যে সংখ্যাটা রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম।
রাজ্যের রাজধানী মুম্বই শহর থেকে মাত্র ১৫৭ কিলোমিটার দূরে রয়েছি, অথচ এই ঘন সবুজ বনভূমি যেন সম্পূর্ণ আলাদা এক জগত।
মহারাষ্ট্রে তফশিলি জনজাতি হিসেবে নথিভুক্ত কা ঠাকুর জনগোষ্ঠীর মানুষ রোহিদাস। পালঘর জেলার জনসংখ্যার ৩৮ শতাংশ আদিবাসী। তরুণ রাখাল নিজের বয়স বলতে পারেননি, তবে দেখে মনে হয়ে কুড়ির কোঠার শেষের দিকে হবে। এক কাঁধে ছাতা, গলায় গামছা পেঁচানো, হাতে একটা লাঠি। নিজের ঘাস-খেকো দুই পশুর নজরদারি করছেন। “বর্ষাকালেই যা পেট ভরে খেতে পায়,” জানান তিনি। “গ্রীষ্মে হন্যে হয়ে ঘুরতে হয় [খাবারের খোঁজে]।”






