“যে মা রাতের পর রাত তাঁর চার সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন - তিনিই আমার কাছে মা দুর্গা।”
দেবী দুর্গার পরিযাযী শ্রমিকের রূপে কল্পনা করে তাকে অবশেষে প্রতিমায় রূপায়িত করার পেছনে আছেন যে শিল্পী, তাঁর নাম রিন্টু দাস। দক্ষিণ-পশ্চিম কলকাতার বেহালার বরিশা ক্লাবের পুজো মণ্ডপে দেখা গেল এই অনবদ্য ভাস্কর্য। দুর্গার সঙ্গে আছেন পরিযায়ী শ্রমিকের রূপে সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং অন্যান্য সঙ্গীরা। এই সমগ্র ব্যবস্থাপনা আদতে করোনা-ভাইরাস অতিমারির কালে পরিযায়ীদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রয়াস।
এই লকডাউনের সময়ে ৪৬ বছর বয়সী শিল্পী রিন্টু দাসের মনে হয়েছে যেন তিনি “শেষ ছয় মাস ধরে বাড়িতে অবরুদ্ধ হয়ে আছেন।” তাঁর কথায়, “যখনই টিভি খুলেছি, পর্দায় আমি শুধু মৃত্যু দেখেছি, কত মানুষ আক্রান্ত। কতজন দিনের পর দিন, রাতের পর রাত হেঁটে চলেছেন। অনেকসময় যৎসামান্য খাবার এবং জলটুকু ছাড়াই। মায়েরা, মেয়েরা সবাই হাঁটছেন। ঠিক তখনই আমি ভেবেছি আমি যদি এই বছর পুজো করি, আমি মানুষের জন্য পুজো করব। আমি এইসব মায়েদের প্রতি শ্রদ্ধা জানাব।” আর সেই তাগিদ থেকেই মা দুর্গাকে পরিযায়ী শ্রমিকের আদলে গড়ে তুলেছেন।
“মূল ভাবনা কিছুটা অন্যরকম ছিল,” পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাড়ি থেকে পারিকে জানালেন ৪১ বছর বয়সী পল্লব ভৌমিক, যিনি রিন্টু দাসের ভাবনাকে মূর্তির রূপ দিয়েছেন। ২০১৯ সালের দু্র্গা পুজোর ধুমধাম শেষ হওয়ার আগেই “বড়িশা ক্লাবের সংগঠকরা পরের বছরের পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। কিন্তু তারপর কোভিড-১৯ অতিমারি বুঝিয়ে দেয় ২০২০ অন্যরকম হতে চলেছে - তাই ক্লাবকে পুরোনো পরিকল্পনা বাতিল করতে হয়েছে।” আর তারপরেই লকডাউন ও শ্রমিকদের দুর্দশা নিয়ে নতুন ভাবনা তৈরি হয়।



