পুরনো এবং নতুন। প্রাচীন এবং সমসাময়িক। অপরিসীম ঐতিহাসিক গুরুত্ব এবং তারই সঙ্গে আধুনিক প্রাসঙ্গিকতা। পুধু মণ্ডপম হল মাদুরাইয়ের এক ক্ষুদ্র সংস্করণ। ৩৮৪ বছর পুরোনো এই ঐতিহাসিক স্থাপত্যের ভেতরে রয়েছে এক আধুনিক বাজার। শহরের অন্য কোনও অংশ নয়, এই স্থাপত্যের মধ্যেই যেন ধরা আছে প্রাচীন শহরটির প্রকৃত নির্যাস। রংবেরঙের ঝলমলে কাপড়ওয়ালা দর্জির দোকান থেকে শুরু করে পুরোনো বাসনপত্রের দোকান – বৈচিত্র্যময় এক উপস্থিতি এই বাজারটির।
তামিলনাডুর সব থেকে গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির-উৎসবগুলির মধ্যে একটিতে অংশগ্রহণ করার জন্য যে সকল উপাসকেরা এখানে ভিড় করেন, তাঁদের পোশাক সেলাই করা হয় এই দর্জির দোকানগুলিতে। ১৫০ জন দর্জির মধ্যে এক তৃতীয়াংশ শহরের মুসলিম সম্প্রদায়ের। যাঁরা এঁদের তৈরি পোশাক পরেন তাঁদের অধিকাংশই মাদুরাইয়ের আশেপাশের গ্রামের হিন্দু ধর্মাবলম্বী মানুষ।
এই যে মুসলিমরা হিন্দু উপাসকদের জন্য পোশাক বানাচ্ছেন, এই প্রসঙ্গ তুললে পাত্তাই দেবেন না এই দর্জিরা। “এটা উত্তর ভারত নয় ম্যাডাম,” বললেন আমীর জন, “প্রজন্মের পর প্রজন্ম আমরা আত্মীয়ের মত একসঙ্গে থেকেছি। কী করে এখানে কোনও সমস্যা হবে?”
“এতে এত অবাক হওয়ার কী আছে?” প্রশ্ন ৪২ বছর বয়সী মুবারক আলির – পুধু মণ্ডপম-এর আরেকজন দর্জি তিনি। “আমরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছি।”










