“আমার আঙ্গুল যদি ভোট দেওয়ার জন্য যথেষ্ট হয়, তাহলে আধার কার্ডের জন্য হবে না কেন?” এই প্রশ্ন করেছেন পার্বতী দেবী, ৫১ বছর বয়স, হাতে ভোটার আইডি কার্ড। এই কার্ড দেখিয়েই তিনি ১৯৯৫ সাল থেকে প্রতিটি নির্বাচনে ভোট দিয়ে এসেছেন।
তিন বছর আগে কুষ্ঠ রোগের কারণে পার্বতীর আঙুল ক্ষয়ে ছোট হয়ে গেছে। জাতীয় কুষ্ঠরোগ নির্মূল কর্মসূচি’র ২০১৬-১৭-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে ৮৬,০০০ মানুষ কুষ্ঠরোগে আক্রান্ত হন। এগুলি শুধু নথিভূক্ত কেস। এছাড়াও আরো অনেকেই এই রোগে আক্রান্ত হন। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের মতে সারা বিশ্বে প্রতি পাঁচজন কুষ্ঠরোগীর মধ্যে তিনজনই হলেন ভারতীয়।
কিন্তু এই কুষ্ঠরোগের কারণে পার্বতী আধার কার্ড করাতে পারছেন না। তাঁকে জানানো হয়েছে যে আধারই সেই যাদু কার্ড যা দিয়ে তিনি সরকারের থেকে তাঁর প্রাপ্য ২৫০০ টাকা’র প্রতিবন্ধী পেনশন পেতে পারেন।
“দু’বছর আগে আমার ছেলে আমাকে বলেছিল যে আধার কার্ড থাকলে আমি পেনশন পাব। তারপর থেকে আমি বারবার কার্ড করানোর চেষ্টা করেছি। কিন্তু আমাকে প্রত্যেকবার বলা হয়েছে যে ঠিকঠাক আঙুল না থাকলে আধার করানো যাবে না”, জানাচ্ছেন পার্বতী।





