পারির এই অনন্য অনুবাদ দলে রয়েছেন ১৭০ জন সদস্য, প্রতিমাসে যাঁদের মধ্যে অন্তত ৪৫ জন পুরোদমে সক্রিয় থাকেন – এই যে তাক লাগানো কীর্তি তাঁদের, আজ তাকেই উদযাপন করতে চলেছি আমরা। তবে এমনটা করতে চাওয়া মোটেই বেনজির ব্যাপার নয়, কারণ খোদ রাষ্ট্রপুঞ্জ ৩০শে সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে চিহ্নিত করেছে।
রাষ্ট্রপুঞ্জের মতে এই দিনটি, "ভাষার জগতে কর্মরত যে সকল মানুষেরা বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী ও সংস্কৃতির মধ্যে আদানপ্রদান সহজতর করার মাধ্যমে মৈত্রী, সহযোগিতা, পারস্পরিক সংযোগ স্থাপন এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর একটি সুবর্ণ সুযোগ বিশেষ..." সাংবাদিকতার দুনিয়ায় পারির অনুবাদ দলের সত্যিই জুড়ি মেলি ভার, তাই তাঁদের প্রতি কুর্নিশ আজ আমাদের।
আমাদের অনুবাদকদের মধ্যে কে নেই? আছেন চিকিৎসক, পদার্থবিদ, ভাষাবিদ, কবি, সংসারের কাজকর্মে ব্যস্ত গৃহিণী, শিক্ষক, শিল্পী, সাংবাদিক, লেখক, ইঞ্জিনিয়ার, পড়ুয়া এবং অধ্যাপকেরা। দলের প্রবীণতম সদস্য ৮৪ পেরিয়েছেন, ওদিকে দলের কনিষ্ঠতম সদস্য সবে ২২ বছরে পা দিয়েছেন। কয়েকজন ভারতবর্ষের বাইরে থেকেও নিয়ত শ্রম দিয়ে চলেছেন তর্জমা কর্মে। দলের অধিকাংশই দেশে থাকেন বটে, তবে অনেকেই থাকেন এমন সব প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা বড্ডো ক্ষীণ।
অনুবাদ ঘিরে এই যে বৃহৎ কর্মকাণ্ডটি রয়েছে পারির, হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে মূলত একটাই লক্ষ্য আমাদের – ভাষাভিত্তিক যাবতীয় বৈষম্যের অবসানের মধ্যে দিয়ে সংহতি স্থাপন। পারির ওয়েবসাইটে প্রকাশিত প্রত্যেকটি প্রতিবেদন হয় ইতিমধ্যেই ১৩টি ভাষায় রয়েছে, কিংবা অচিরেই প্রকাশ পেতে চলেছে। উদাহরণস্বরূপ ১৩টি ভাষায় প্রকাশিত পারি'র এই প্রতিবেদনটি পড়ে দেখতে পারেন: হাজারো মুক্তি সংগ্রামের শরিক ভগৎ সিং ঝুগ্গিয়াঁ। আমাদের অনুবাদ বিভাগ ইতিমধ্যেই ৬,০০০ প্রতিবেদনের ক্ষেত্রে এই অসাধ্য সাধন করেছে, এগুলির মধ্যে আবার অসংখ্য মাল্টিমিডিয়া প্রতিবেদনও আছে।



