ছত্তিসগড়ের রাজধানী রায়পুর থেকে বস্তারের সদরদপ্তর জগদলপুর যেতে হলে ৩০ নম্বর জাতীয় সড়ক ধরে এগোতে হবে। এই পথে কাঙ্কের জেলার ছোটো শহর চর্মা। চর্মার ঠিক কিছুটা আগে একটা ঘাট পড়ে। কয়েক সপ্তাহ আগে এই ঘাটের পাশে দাঁড়িয়ে দেখতে পেলাম প্রায় ১০-১৫ জন গ্রামবাসী, এঁদের মধ্যে মহিলার সংখ্যাই বেশি, মাথায় কাঠের বোঝা নিয়ে জঙ্গল থেকে বেরোচ্ছেন।
কাঙ্কের জেলার কোচওয়াহি আর বালোদ জেলার মাচন্দুর - জাতীয় সড়কের ধারে মূলত এই দুটি গ্রাম থেকে এঁরা আসেন। এঁরা প্রায় প্রত্যেকেই গোণ্ড জনজাতির মানুষ, পেশায় হয় প্রান্তিক চাষি নয় খেতমজুর।






