“আমরা আমাদের মাটিতে মোটেই রাসায়নিক ব্যবহার করি না। মাটির জীবাণুগুলি জবাই করার দরকার নেই। মাটির স্বাস্থ্য ভাল থাকলে তা সবকিছুকেই লালন করে,” বলছেন মহেন্দ্র নাউরী, নিয়মগিরি পাহাড় থেকে মাত্র দেড় কিলোমিটারের দূরত্বে তাঁর জমি। “আসলে যেটা দরকার, তা হলো জমির আলের উপর একটা মহুয়া কিংবা সহজ গাছ, যা পাখি, টিকটিকি এবং ব্যাঙেদের আশ্রয় দেবে। তারপরে এরাই ফসল ধ্বংসকারী ক্ষতিকারক কীটপতঙ্গ ও পোকামাকড় সাবাড় করবে।”
দক্ষিণ পশ্চিম ওড়িশার রায়গাডা জেলার বিশমকটক ব্লকের জনা শয়েক মানুষের গ্রাম কেরান্দিগুদায় মহেন্দ্রের দুই একর জমি আছে। এখানকার অধিকাংশ পরিবার কোন্ধ আদিবাসী সম্প্রদায়ভুক্ত হলেও নাউরী পরিবার ডোরা সম্প্রদায়ের অন্তর্গত।
৩০ বছর বয়সী মহেন্দ্র ও তাঁর ৬২ বছরের পিতা লোকনাথ নিজেদের জমিতে প্রায় ৩৪টি প্রজাতির ফসল উৎপাদন করেন এবং অবিশ্বাস্য শোনালেও সব মিলিয়ে ফসলের উপপ্রজাতির সংখ্যা ৭২। ঘুরিয়ে ফিরিয়ে জমির বিভিন্ন অংশে তাঁরা চক্রাকারে নানান ফসল চাষ করেন। এগুলির মধ্যে আছে ক্ষুদ্র রাগি (সুয়ান, সিক্রা ইত্যাদি), ডাল (অড়হর এবং ছোলা), তৈলবীজ (যেমন তিসি, সূর্যমুখী এবং বাদাম), কন্দ, হলুদ, আদা, সবুজ শাকসবজি, টমেটো, বেগুন এবং আরও নানা কিছু। “খাদ্যের জন্য আমরা বাজারের মুখাপেক্ষী নই” মহেন্দ্র বলেন।
গ্রামবাসীরা নিয়মমগিরি পাহাড় থেকে নেমে আসা ঝরনার জল ব্যবহার করেন চাষের জন্য। পাথরের বাঁধ নির্মাণ করে তাঁরা জলের গতি খেতের দিকে চালান করেন। লোকনাথ জানালেন, “বিগত চার বছর যাবৎ এখানে জলবায়ু প্রতিকূল হলেও আমাদের ফসল এইসব বিপদের মধ্যেও আমাদের বাঁচিয়ে রেখেছে। কারও কাছ থেকে আমাকে ধার করতে হয়নি। আর এইসবই সম্ভব হয়েছে আমাদের প্রথাগত চাষের পদ্ধতির কারণে।” জমি থেকে ওঠা ফসল দিয়েই পরিবারের সারা বছরের খোরাকির ব্যবস্থা হয় এবং এছাড়া উদ্বৃত্ত ফসল মুনিগুদা ও বিশমকটকের সাপ্তাহিক হাটে বিক্রি করেন তাঁরা।





