প্রায় ৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে তাঁরা এখানে এসে পৌঁছে এখন দিনমজুরির কাজ জোটানোর চেষ্টায় লেগে পড়েছেন। অনিশ্চয়তাই এই শ্রমিকদের এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার পুট্টাপার্থী ও কাদিরি থেকে তাঁরা দুটি ট্রেন বদলে দীর্ঘ পথ পেরিয়ে এখানে এসে পৌঁছেছেন। জনা কয়েক কৃষক আমাকে বলছিলেন, “গ্রামগুলিতে খরার জন্য বদলি কাজও নেই (অর্থাৎ, মনরেগা বা গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প আইনের অধীনে প্রাপ্য মজুরির কাজ) এছাড়া আমরা কয়েক সপ্তাহের কাজের টাকা এখনও পাইনি।” যেটুকু কাজ আছে তা সারা বছরে কাজের চাহিদার নিরিখে এক দশমাংশে এসে ঠেকেছে।
অতএব প্রতি সপ্তাহে গুনতাকাল প্যাসেঞ্জারে চড়ে শত শত পুরুষ এবং মহিলা কোচি চলে আসেন। “কেউই টিকিট কাটে না কোচি আসার সময়। দেশে ফেরার সময় আমাদের মধ্যে অর্ধেক লোকজন টিকিট কাটে, বাকিরা কাটে না,” আমাকে জানালেন অনন্তপুরের মুদিগুব্বা ব্লক থেকে আসা অভিবাসী শ্রমিক শ্রীনিবাসুলু।














