জয়পালের টিনের চালার, দুই কামরার ইটের বাড়িতে আরও অজস্র বড়ো বড়ো বাড়ি আছে। বহুতল এই বাড়িগুলিতে আছে দীর্ঘকায় থাম, বারান্দা আর ছোটো ছোটো গম্বুজ।
সেসবই অবশ্য কাগজ আর আঠা দিয়ে তৈরি।
মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলার করোলি গ্রামে নিজের বাড়িতে বসে ১৯ বছর বয়সী জয়পাল চৌহান বিগত ৪-৫ বছর ধরে প্রতিদিন সকালে আর দুপুরে খানিক সময় ব্যয় করে সযত্নে নলাকারে পাকানো কাগজ থাক থাক করে ইটের মতো সাজিয়ে প্রাসাদ নির্মাণে।
“বাড়ি তৈরির ব্যাপারে আমার আগ্রহ চিরদিন,” সে জানায়।
১৩ বছর বয়স থেকেই কার্ডবোর্ড দিয়ে বিভিন্ন মন্দিরের অনুকৃতি তৈরি করা দিয়ে পথ চলা শুরু। একবার একটা বিয়েবাড়ি গিয়ে সে একটি মন্দিরের কাচের মডেল দেখে — এতোটাই আগ্রহ জন্মায় যে নিজেই কার্ডবোর্ড দিয়ে তেমন একটি বানাবার চেষ্টা করবে বলে স্থির করে। সেই মতো বানিয়ে, কয়েকটি অত্মীয়স্বজনকে উপহারও দেয়, এমনকি ২০১৭ সালে সে স্কুলের মডেল তৈরির পড়ুয়াদের একটি প্রদর্শনীতে পুরস্কারও লাভ করে।
এরপর আবার কার্ডবোর্ড দিয়ে একটি মোটরবাইক বানিয়েও নিজের বিদ্যালয়ে পুরস্কৃত হয়েছে জয়পাল। এছাড়াও তার সংগ্রহে নিজের বানানো একটা টেবিল-পাখা, রেসের গাড়ি, আর একটা খেলনা থেকে চাকা খুলে নিয়ে বানানো চাকা লাগানো ক্রেনও আছে।









