‘বাউল’ শব্দটির উৎপত্তি সংস্কৃত বাতুল শব্দ থেকে, যার অর্থ পাগল, অপ্রকৃতিস্থ অথবা কোনো কিছু দ্বারা আচ্ছন্ন। ‘বাউল’ বলতে বাংলার মাটিতে জন্ম নেওয়া বিশেষ সংগীত রীতিকেও বোঝানো হয়।
বাউলরা আদতে ভ্রাম্যমাণ সম্প্রদায়। তাঁদের ধর্ম সমন্বয়বাদী, যেখানে হিন্দু, ইসলাম এবং বৌদ্ধ এই তিন ধর্মের প্রভাবই লক্ষ্য করা যায়, সব মানুষের সঙ্গেই তাঁদের মেলামেশা। সমাজের প্রথাগত কাঠামোগুলোয় তাঁরা মোটেই বিশ্বাস করেন না, তাঁদের মতে সংগীতের মধ্যেই আছে মিলনের পথ। তাঁদের গান স্পষ্ট এক জীবন দর্শনের কথা বলে। মানুষ বাউল হয়ে জন্মায় না। গুরুর দেখানো পথে হেঁটে তবেই মানুষ বাউল-জীবনে দীক্ষিত হয়।
নারী এবং পুরুষ – সকল বাউলই অনন্য দর্শন, তাঁরা কেশ কর্তন করেন না, তাই অধিকাংশই কুঞ্চিত-কেশ অথবা জটাধারী, পরনে গেরুয়া জোব্বা অথবা শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা আর সঙ্গী একটি তার বিশিষ্ট বাদ্যযন্ত্র একতারা। স্মৃতিতে ধরে রাখা গুরুর কাছে পাওয়া গীতি-ঐতিহ্যই তাঁদের জীবনের একমাত্র পাথেয়, এবং এই গান গেয়ে তাঁরা মানুষের কাছ থেকে প্রাপ্ত ভিক্ষা দিয়েই জীবন গুজরান করেন। জনপ্রিয়তার নিরিখে ২০০-১০০০ টাকার মধ্যে বাউলের উপার্জন নির্ভর করে।




