আজ আবারও পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ায় আমরা আন্তর্জাতিক অনুবাদ দিবস উদযাপন করছি, একই সঙ্গে উদযাপন করছি এই কর্মকাণ্ডে নিযুক্ত আমাদের অনুবাদকদেরও। সত্যিই, জার্নালিজম ওয়েবসাইটের দুনিয়ায় আমাদের তর্জমাকারীদের ধারেকাছেও কেউ আসে না। কেউ খুঁত ধরতে পারলে খুশিই হব, তবে, আমি যতদূর জানি, পারির মতো বহুভাষিক জার্নালিজম ওয়েবসাইটয়ের আর কোনও জুড়ি নেই। ১৭০ জন তুখোড় ভাষান্তরকারীর দৌলতে ১৪টি ভাষায় প্রকাশিত হয় পারি। হ্যাঁ, তাবড় তাবড় মিডিয়া হাউজগুলো একসঙ্গে ৪০টা ভাষায় খবর ছাপে বটে, কিন্তু তাদের দরবারে ভাষা-সমতার কোনও ঠাঁই নেই। কিছু কিছু ভাষা রাজত্ব করে, বাকিরা থাকে নিচের তলায়।
এছাড়াও আমাদের প্রকাশনার মূল মন্ত্র হল ‘ভারতের সব ভাষাই আমাদের আপন ভাষা’। এই ভাবনা থেকেই তো জন্ম নেয় ভাষা-ভিত্তিক সমতা। মূল প্রতিবেদন যে ভাষাতেই প্রকাশ হোক না কেন, ১৪টা ভাষায় সেটা প্রকাশিত করাই আমাদের লক্ষ্য। এইবছর পারি-ভাষার সংসারে যোগ দিয়েছে ছত্তিশগড়ি, আরও যেসব ভাষা আসতে চলেছে, তাদের মধ্যে এই মুহূর্তে সর্বাগ্রে আছে ভোজপুরি।
আমাদের বিশ্বাস — সামগ্রিক সমাজের কথা মাথায় রেখেই ভারতীয় ভাষাগুলির প্রচার করাটা অতি আবশ্যিক। তিন-চার মাইল বাদে বাদে যে দেশে পানির স্বাদ বদলায়, প্রতি ১০-১৫ মাইলের তফাতে বুলিও বদলাবে বই কি — এ দেশের ভাষাগত সম্পদ অবিশ্বাস্য রকমের সমৃদ্ধ না হলে এই প্রবাদ জন্মাতই না।
তবে হ্যাঁ, নাকে তেল দিয়ে ঘুমানোর কিন্তু জো নেই। বিশেষ করে যখন পিপলস লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া সাফ জানিয়ে দিয়েছে যে ৮০০টি জীবিত ভাষার এই দেশে গত ৫০ বছরে ২২৫টি ভাষা বিলুপ্ত হয়ে গেছে। এছাড়াও রাষ্ট্রসংঘের দাবি — বিশ্বজুড়ে কথিত ভাষাসমূহের মধ্যে ৯০-৯৫ শতাংশ বুলিই হয় চলতি শতাব্দীর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, কিংবা লুপ্তপ্রায় হয়ে টিকে থাকবে কোনওমতে। প্রতি ১৪ দিনে দুনিয়ার কোথাও না কোথাও চিরতরে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা, এমন সময়ে আদৌ হাতে হাত রেখে বসে থাকা যায় না।


