“যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, আমরা আরো মিছিল করব,” ভর দুপুরে মে মাসের প্রচন্ড গরমে হাঁটতে হাঁটতে বলছেন মৃদুভাষী বিজয়া অন্ধের। তাঁর সঙ্গে রয়েছেন প্রায় ৩৫,০০০ আদিবাসী কৃষক। এঁরা এসেছেন মুম্বইয়ের ১০০ কিলোমিটার উত্তরে থানে আর পালঘর জেলা থেকে।
এই বছরের মার্চ মাসের ৬ থেকে ১২ তারিখ অব্দি শাহাপুর তালুকের বোরালা-আঘাই গ্রামের কৃষক বিজয়া অংশ নিয়েছিলেন ভারতীয় কম্যুনিস্ট পার্টির (মার্ক্সবাদী) শাখা সংগঠন সারা ভারত কৃষক সভা’র উদ্যোগে নাসিক থেকে মুম্বই পর্যন্ত সংগঠিত ঐতিহাসিক লং মার্চে। গত সপ্তাহেই আবার রাস্তায় নেমেছিলেন বিজয়া, কৃষক সভার ডাকেই আরেকটি মিছিলে। এটি ছিল ‘নির্ধার মিছিল’ – আদিবাসী কৃষকদের বিজয় মিছিল। তাঁরা যে নিজেদের দাবি আদায়ের পথে অটল এবং লড়াইয়ে অবিচল, এই মিছিল ছিল তারই বহিঃপ্রকাশ।
সারা ভারত কৃষক সভার সভাপতি অশোক ধাওয়ালে জানাচ্ছেন, “লং মার্চের পর এই মিছিল ডাকা হয়েছে যাতে সরকারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে যাওয়া যায় যতক্ষণ না তারা বন অধিকার আইন আর অন্যান্য বিষয়ে লিখিত আশ্বাস দিচ্ছে।”
অন্যান্য বিষয়ের মধ্যে পড়ছে, জানাচ্ছেন ধাওয়ালে, মুম্বই-নাগপুর সম্রুদ্ধি হাইওয়ে’র জন্য সরকারের জমি অধিগ্রহণ প্রকল্পের বিরোধিতা। সরকার প্রথমে আশ্বাস দিয়েছিল যে একমাত্র কৃষকদের অনুমতি পেলেই জমি নেওয়া হবে, কিন্তু এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।








