১৮ই ফেব্রুয়ারি, ১৯৮৩। নেলি গণহত্যার সময় মোটে আট বছর বয়স ছিল রশিদা বেগমের। “আমাদের চারিদক থেকে ঘিরে ধরে, তাড়িয়ে ভাগিয়ে একপাশে নিয়ে গেল। তীর ছুঁড়ছিল; কয়েকজনের হাতে তো বন্দুকও ছিল। এভাবেই ওরা খুন করেছিল আমাদের। জনাকয়েকের গলা কেটে দিল, কয়েকজনের তো বুকেও আঘাত করেছিল,” স্মৃতিচারণ করছিলেন তিনি।
অভিশপ্ত সেই দিনে, মধ্য আসামের মোরিগাঁও জেলার নেলি অঞ্চলে মোটে ৬ ঘণ্টার মধ্যে খুন হন হাজার হাজার বাঙালি মুসলিম। গণহত্যার মূলত সংঘটিত হয়েছিল আলিসিংগা, বসুন্ধরী জালাহ্, বরবরি, ভুগডুবা বিল, ভুগডুবা হাবি, খুলাপাথার, মাটিপর্বত, মূলাধারি, নেলি ও শিলবেতা গ্রামগুলি জুড়ে। সরকারি হিসেবে নিহতের সংখ্যা প্রায় ২,০০০। তবে বেসরকারি আন্দাজ — মৃতের সংখ্যা ৩ থেকে ৫ হাজরের মধ্যে।
এই নরসংহার থেকে রশিদা, যাঁর ডাকনাম রুমি, রক্ষা পেয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর আম্মা এবং চার বোনের প্রত্যেকেই ভয়ানক জখম হয়েছিলেন। তাঁর কথায়, “একখান জাড়ি [বর্শা] নিয়ে হামলা করেছিল আমায়, গুলি লেগেছিল কোমরে। পা-টাও গুলি লেগে এফোঁড়-ওফোঁড় হয়ে গেল।”
আসামে ১৯৭৯ থেকে ১৯৮৫ অবধি চলতে থাকা বহিরাগত-বিরোধী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল জাতিগত হিংসা, তারই আঁতুড়ঘরে জন্ম নেয় এই নরসংহার। জোট-শরিকদের সঙ্গে মিলে এই গণহত্যা চালিয়েছিল অল আসাম স্টুডেন্টস্ ইউনিয়ন (এএএসইউ)। তাদের দাবি ছিল — বেআইনি অভিবাসীদের নাম নির্বাচনী তালিকা থেকে মুছে তাদের এ রাজ্য থেকে বিতাড়িত করা হোক।


