এই প্যানেলটি গ্রামীণ মহিলাদের কাজের পরিসর ঘিরে রূপায়িত ' দৃশ্যমান কাজ , অদৃশ্য নারী: একটি অনলাইন আলোকচিত্র প্রদর্শনী '- র একাংশ। ১৯৯৩ থেকে ২০০২ সালের মাঝামাঝি সময় জুড়ে ভারতের ১০টি রাজ্যে ঘুরে ঘুরে এই ছবিগুলি তুলেছিলেন পি. সাইনাথ। দেশের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরে প্রদর্শিত হতে থাকা এই ভ্রাম্যমাণ প্রদর্শনীটি বিশেষ মুন্সিয়ানার সঙ্গে এখানে ডিজিটাইজ করেছে পারি।
দৃশ্যমান কাজ, অদৃশ্য নারী
পাহাড়ের ঢাল বেয়ে তিনি উঠে আসছেন, মাথায় বয়ে আনা বিশাল বোঝায় তাঁর মুখ ঢাকা পড়েছে। আক্ষরিক অর্থেই দৃশ্যমান কাজ, অদৃশ্য নারী। উড়িষ্যায় মালকানগিরির এই ভূমিহীন মানুষটির জন্য অবশ্য এটা আর পাঁচটা কাজের দিনের মতোই আরেকটা দিন মাত্র। জল, জ্বালানি ও রান্নার রসদ জোগাড় করার নিত্তনৈমিত্তিক কাজ। এই তিনটি কাজ যা করতে একজন মহিলার জীবনকালের প্রায় এক তৃতীয়াংশ কেটে যায়। দেশের বহু জায়গায় পরিবারের জন্য জল ও জ্বালানি সংগ্রহ করতে মহিলারা দিনের প্রায় সাত ঘণ্টা খরচ করেন। খাদ্যের রসদ সংগ্রহ করতেও অনেকটা সময় ব্যয় হয়। গ্রামীণ ভারতের লক্ষ লক্ষ মহিলা প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে পরিবারের জন্য এই অত্যাবশ্যক জিনিসগুলি সংগ্রহ করেন।
মাথায় বয়ে আনা বোঝা খুবই ভারী। মালকানগিরির পাহাড়ের ঢাল বেয়ে উঠে আসা আদিবাসী মহিলা মাথায় বয়ে আনছেন প্রায় ৩০ কেজি ওজনের জ্বালানি কাঠ। এবং এখনও তাঁর আরও তিন কিলোমিটার রাস্তা যেতে হবে। বাড়ির জন্য জল আনতে অনেক মহিলাই প্রতিদিন এই পরিমাণ অথবা অধিকতর দূরত্ব অতিক্রম করেন।






