এই প্যানেলটি গ্রামীণ মহিলাদের কাজের পরিসর ঘিরে রূপায়িত ' দৃশ্যমান কাজ , অদৃশ্য নারী: একটি অনলাইন আলোকচিত্র প্রদর্শনী '- র একাংশ। ১৯৯৩ থেকে ২০০২ সালের মাঝামাঝি সময় জুড়ে ভারতের ১০টি রাজ্যে ঘুরে ঘুরে এই ছবিগুলি তুলেছিলেন পি. সাইনাথ। দেশের বিভিন্ন প্রান্তে বহু বছর ধরে প্রদর্শিত হতে থাকা এই ভ্রাম্যমাণ প্রদর্শনীটি বিশেষ মুন্সিয়ানার সঙ্গে এখানে ডিজিটাইজ করেছে পারি।
চরৈবেতি, চরৈবেতি
সবচেয়ে ভালো শাড়িটি পরে তিনি সাইকেল চালানো শিখতে এসেছেন তামিলনাড়ুর পুদুক্কোট্টাইয়ের একটি সাইকেল প্রশিক্ষণ শিবিরে। তিনি খুশিতে ঝলমল করছেন এমন একটা জিনিসের সঙ্গে যুক্ত হতে পেরে। তাঁর জেলার প্রায় ৪,০০০ হতদরিদ্র মহিলা এই অঞ্চলের খনি-খাদানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছেন নিজেদের হাতে – এককালে এখানেই তাঁরা পর্যবসিত হয়েছিলেন বন্ধুয়া মজদুরে। তাঁদের সংগঠিত সংগ্রাম এবং রাজনৈতিক সচেতনতায় সমৃদ্ধ সাক্ষরতা আন্দোলনের ফলে পুদুক্কোট্টাইয়ের অবস্থা কিছুটা শুধরোতে পেরেছে।
আসল কথাটা হল সম্পদের মালিকানা এবং নিয়ন্ত্রণ। এই মৌলিক অধিকারগুলিকে বাদ দিয়ে কোটি কোটি গ্রামীণ ভারতের মহিলাদের অবস্থার উন্নতি অসম্ভব।
মধ্য প্রদেশের ঝাবুয়া গ্রামের এই এক দল মহিলা মিলেই তৈরি হয়েছে সম্পূর্ণরূপে মহিলা পরিচালিত পঞ্চায়েত বা গ্রাম পরিষদ। একথা সত্যি যে, স্থানীয় প্রশাসনে সক্রিয় অংশগ্রহণের ফলে তাঁদের অবস্থার উন্নতি হয়েছে এবং আত্মমর্যাদাও বেড়েছে। যদিও, গ্রামে তাঁদের প্রভাব সীমিতই রয়ে গেছে। সম্পদে তাঁদের মালিকানা এবং নিয়ন্ত্রণ এখনও খুব সামান্য। উদাহরণস্বরূপ বলা যায়, জমিতে তাঁদের কোনও অধিকার নেই। অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের অধিকারের কোনও স্বীকৃতি নেই, এমনকি আইন যেসব ক্ষেত্রে বিদ্যমান, সেখানেও এক হাল। দলিত মহিলা সরপঞ্চ বা পঞ্চায়েত প্রধান বিশিষ্ট কোনও গ্রাম পঞ্চায়েতে যদি মহিলার জমির মালিকই উপপ্রধান হন তাহলে অবস্থাটা কেমন দাঁড়াবে? পদমর্যাদায় মহিলা বড় বলে তাঁর কথা কি উপপ্রধান মান্য করবেন? নাকি জমির মালিক হিসেবে তিনি এই মজুরকে হয়রান করার পন্থা এখানেও অবলম্বন করবেন? নাকি একজন পুরুষ হিসেবে মহিলার উপর জোর খাটাবেন? প্রায়শই মহিলা সরপঞ্চ ও পঞ্চায়েত সদস্যদের নগ্ন করে অসম্মান করা, পেটানো, ধর্ষণ, অপহরণ ও মিথ্যা মামলা দায়ের করে হয়রান করা হয়। তা সত্ত্বেও পঞ্চায়েত সদস্য হিসেবে মহিলারা অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন। এই সামন্ততান্ত্রিক ব্যবস্থা বিলুপ্ত হলে না জানি তাঁরা আরও কত কিছু অর্জন করতে পারবেন!






