ক্যাপ্টেন ভাউ (রামচন্দ্র শ্রীপতি লাড)
স্বাধীনতা সংগ্রামী তথা তুফান সেনার প্রধান
জুন ২২, ১৯২২ – ফেব্রুয়ারি ৫, ২০২২
যে দেশের তরে ছিল তাঁর আমরণ লড়াই, তার কাছে প্রাপ্য মর্যাদা আর বন্দনা না পেয়েই শেষ পর্যন্ত চুপিসারে তিনি চলে গেলেন। অবশ্য, অজস্র মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা আর ভরপুর সমীহ থেকে বঞ্চিত হননি তিনি। এইসব মানুষেরা জানতেন কেমন করে এই অসাধারণ ব্যক্তিত্ব ১৯৪০-এর দশকে নিজের সহযোদ্ধাদের সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। রামচন্দ্র শ্রীপতি লাড ছিলেন কিংবদন্তি নেতা নানা পাটিলের নেতৃত্বাধীন, ১৯৪৩ সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে সাতারাকে স্বতন্ত্র ঘোষণাকারী আন্ডারগ্রাউন্ড সমান্তরাল ‘প্রতি সরকার’-এর বিপ্লবী বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।
অবশ্য, সাতারাকে স্বাধীন ঘোষণা করেই ক্যাপ্টেন ভাউ (গা ঢাকা দিয়ে বিপ্লবী কার্যকলাপ চালানোর সময় এটাই ছিল তাঁর ছদ্মনাম) বা তাঁর কমরেডরা ক্ষান্ত দেননি। পরবর্তী তিনবছর ধরে তাঁরা ব্রিটিশ রাজের ঘুম ছুটিয়ে, প্রতি সরকারের নেতৃত্বে প্রায় ৬০০ গ্রাম জুড়ে সমান্তরাল শাসন কায়েম করেছিলেন। এক অর্থে, ৫ই ফেব্রুয়ারি তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তোলা এই বিপ্লবী সরকারের সূর্য অস্তমিত হল।







