সাতারা জেলার মাণ তালুকের মাহ্সওয়াড় শহরের ছাগল বাজারে বিঠোভা যাদব তাঁর ছাগল আর একমাসের ছাগলছানা নিয়ে ক্রেতার অপেক্ষায় প্রহর গুনছেন। শেয়ারের জিপগাড়িতে পশুগুলিকে নিয়ে তিনি সকাল সাতটায় বাজারে হাজির হয়েছেন, সময় গড়িয়ে এখন সাড়ে দশটা।
একটি দুগ্ধদায়ী মাদি ছাগল প্রায় বেচে প্রায় ৭০০০-৮০০০ টাকা পাওয়া যায় বটে, কিন্তু ১৬ কিলোমিটার পথ উজিয়ে ভালাই গ্রাম থেকে আসা আশি বছরের বৃদ্ধ যাদব ৩০০০ টাকাতেও ছাগল বেচতে রাজি। তা সত্ত্বেও ছাগল বিক্রি হয় না। “আমি কোনও খরিদ্দারই পাইনি। কেউ এসে দামটুকুও জানতে চায়নি,” বলেন হতাশ বৃদ্ধ, এইবার আবার শেয়ারের জিপ ধরে নিজের গ্রামে ফেরার তোড়জোড় করতে থাকেন তিনি।




