আজ দশেরা উৎসবের দিনে শিক্ষার্থীরা সকাল সকাল তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মূল হল ঘরে একত্রিত হয়েছে পূজো নিবেদন এবং প্রার্থনা সংগীত পরিবেশনের উদ্দেশ্যে।
কাট্টাইক্কুট্টু গুরুকুলম তামিলনাডুর কাঞ্চিপুরম জেলার একটি আবাসিক থিয়েটার স্কুল। এখানে, শিক্ষার্থীরা কাট্টাইক্কুট্টু নাট্য আঙ্গিকে প্রশিক্ষণ লাভ করে। কাট্টাইক্কুট্টু তামিল নাডু রাজ্যের গ্রামাঞ্চলে প্রচলিত একটি নাট্য আঙ্গিক; এই প্রতিষ্ঠানে কাট্টাইক্কুট্টুতে তালিম নেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষাও লাভ করে। বেশিরভাগ ছেলেমেয়েই দরিদ্র এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবার থেকে আসে।
সকাল ৭.৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত – স্কুলের এই দৈনিক সময়কালের মধ্যে প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা, কাট্টাইক্কুট্টু প্রশিক্ষণ এবং সংগীত শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা। পুঞ্জারাসন্তানকাল গ্রামের সবুজে ছাওয়া পরিবেশের মধ্যে স্কুলটি অবস্থিত; এটি চেন্নাই থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে এবং কাঞ্চিপুরম শহর থেকে অটোরিকশা করে এখানে পৌঁছাতে ৩৫ মিনিট সময় লাগে।
অন্যান্য আর পাঁচটা স্কুলের মতোই এখানেও সারা সকাল ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং ক্লাস শেষ হলে তারা বিকেলে দলবদ্ধ হয়ে নানান খেলায় মেতে ওঠে।


















