পড়াশোনাটা বাস্তব, বোধগম্য ও মজবুত হয়ে ওঠে শিক্ষক যদি পারি ও বিষয় যদি গ্রামীণ ভারত হয়।
আমাদের ইন্টার্ন আয়ুশ মঙ্গলের অভিজ্ঞতার কথাটাই ধরুন না হয়। গ্রামীণ ছত্তিশগড়ে আদিবাসীদের সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার দূরত্ব ও ঝোলা-ছাপ হাতুড়ে ডাক্তারের দুনিয়ার মাঝে যে নাড়ির যোগ রয়েছে, সেটা তিনি পারির সঙ্গে কাজ করতে গিয়ে বুঝতে পারেন। ছত্তিশগড়ের জাঞ্জগির চম্পা জেলার এই পড়ুয়াটির কথায়: “বেসরকারি ও সরকারি এবং ডিগ্রিধারী ও ডিগ্রিহীন ডাক্তারের সম্পর্কটা যে কতটা প্যাঁচালো, সেটা স্বচক্ষে দেখেছি। এটা মাথায় না রাখলে সকল নীতিই বেকার।” আয়ুশ তখন অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছিলেন।
প্রান্তবাসী যে মানুষগুলি পাঠ্যপুস্তকে ঠাঁই পান না, উঠতি বয়সের পড়ুয়ারা শিখতে পারছেন তাঁদের কথা। গৌরার মতো একজন প্রতিবন্ধকতা সম্পন্ন মানুষের পক্ষে ওড়িশার কোরাপুটে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার নাগাল পাওয়া যে ঠিক কতখানি কঠিন, তা অনুসন্ধান করতে গিয়ে প্রশ্ন করতে বাধ্য হয়েছিলেন সাংবাদিকতা নিয়ে পাঠরত শুভশ্রী মহাপাত্র: “শাসন ব্যবস্থায় কতটা গাফিলতি থাকলে এমনভাবে মানসিক ও শারীরিক যন্ত্রণায় জেরবার হয়ে যেতে হল গৌরাকে?”
সেপ্টেম্বর ২০২২-এ পঞ্চম বর্ষে পা রাখল পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার শিক্ষা বিভাগ পারি এডুকেশন। আমজনতার জীবন জোড়া যে বিশদ জ্ঞান ও দক্ষতার ভাণ্ডার, তা বিগত বছরগুলিতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, সমাজে বদল আনতে চায় এমন সংস্থায় কর্মরত তরুণ ছেলেমেয়ে এবং মিডল স্কুলের শিক্ষার্থীরা শিখতে পেরেছে নিবিড়ভাবে। ছত্তিশগড়ের রায়পুরে যাঁরা ধানের ঝুমর বানান, তাঁদের বিষয়ে প্রতিবেদন লিখতে গিয়ে হাইস্কুলের পড়ুয়া প্রজ্জ্বল ঠাকুর বলেছেন, “পালাপার্বণে চাষিদের ভূমিকা ও ধানের মাহাত্ম্য, এ দুটো বিষয়েই অনেক বেশি ওয়াকিবহাল হতে পেরেছি...যে সমাজে বাস করছি, পারি এডুকেশনের সঙ্গে কাজ নেমে নতুন আলোয় দেখতে শিখেছি তাকে।”



