বিনাপয়সায় সব টমেটো খেয়ে ফেলতে পারবেন আপনি — তবে শর্ত একটাই - আপনাকে গরু হতে হবে। আর অন্য মরসুমে টমেটো খাওয়ার জন্য হতে হবে ছাগল।
অনন্তপুরে টমেটো মাণ্ডির পাশে এই মাঠটায় দাম পড়ে গেলে টমেটো ফেলে দিয়ে আসা হয়। (টমেটো আদতে একটি ফল যাকে পুষ্টিবিদরা সবজি হিসেবে বিবেচনা করেছেন - জানাচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)। কাছাকাছি গ্রাম থেকে যে চাষিরা তাঁদের উৎপাদিত টমেটো বাজারে নিয়ে আসেন, বিক্রি না হলে এখানে ছুঁড়ে ফেলে রাখেন। স্বাভাবিকভাবেই এই জায়গাটায় ছাগলের ছড়াছড়ি। পি কাডিরাপ্পা জানালেন, “বর্ষাকালে ছাগলরা টমেটো খেলে তাদের আবার ফ্লু হয়।” পেশায় পশুপালক তিনি, এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ভুক্কারায়াসমুদ্রম গ্রাম থেকে তিনি ছাগল চরাতে নিয়ে আসেন এই মাঠে। গ্রামটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলারই অন্তর্গত।
এই তথ্য পেয়ে বেশ একটা রহস্যোদ্ঘাটন হল যে গরুর চাইতে ছাগলের গঠনতন্ত্র অধিকতর স্পর্শকাতর, এমনকি তাদের ফ্লু জাতীয় সংক্রমণও হয়ে থাকে। গত কয়েকদিন ধরে অনন্তপুরে বৃষ্টি হয়ে যাচ্ছে, অগত্যা ছাগলদের আর তাদের প্রিয় খাদ্যও জুটছে না। তারা সারাদিন ধরে আগাছা, ঘাস চিবোচ্ছে, আর তাদের থেকে আকারে বড়ো শত্রুদের দিকে জুলজুল চোখে তাকিয়ে আছে। পশুপালকরা পশুর জাবের জন্য আলাদা করে কোনও মূল্যই চাষিদের দেন না, কারণ প্রায়শই হাজার হাজার টমেটো ছুঁড়ে ফেলা হয় মাঠে।
অনন্তপুর বাজারে টমেটোর দাম সাধারণত কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকায় ওঠানামা করে। সব থেকে কম দামে বিকোয় শহরের রিলায়্যান্স মার্টে। মার্টের এক কর্মী বললেন, ‘‘আমরা একবার ১২ টাকা কিলোতেও টমেটো বিক্রি করেছি।” মার্ট সম্পর্কে একজন সবজি বিক্রেতার বক্তব্য, ‘‘ওদের নিজস্ব জোগানদার আছে। কিন্তু আমরা মাণ্ডি থেকে কিনি, এবং দিনের শেষে যেগুলো মজে আসে, সেগুলো ফেলে দিই।”



