“কোই সরকার নাহিঁ চাঙ্গি আম লোকন লায়ি [কোনও সরকারই মানুষের জন্য ভালো নয়],” দৃঢ়ভাবে জানালেন গুরমীত কৌর। লুধিয়ানার বাস্সিয়াঁ গ্রাম থেকে জাগ্রাঁওয়ের কিষান-মজদুর মহাপঞ্চায়েতে যোগ দিতে আসা একদল মহিলার সঙ্গে একটি ছাউনির তলায় বসেছিলেন ৭০ বছরের এই মানুষটি।
“[প্রধানমন্ত্রী] মোদী চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একটা কথাও রাখেনি। [তাই আজ] এহনা দা কোই হক্ক নাহিঁ সডে এথে আ কে ভোটাঁ মাঙ্গন দা [এখানে এসে ভোট চাওয়ার কোনও হক নেই ওদের],” বললেন তিনি। গুরমীত কৌর ভারতীয় কিষান সংগঠন (বিকেইউ একতা) দাখৌন্ডার সদস্য। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি মোদীকে ভোট দিয়েছিলেন বলে জানালেন পারি’কে।
২১ মে জাগ্রাঁওয়ের নতুন আনাজ বাজারে সংঘটিত হয় মহাপঞ্চায়েত, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে গোটা রাজ্য থেকে বিভিন্ন কৃষি সংগঠন, ট্রেড ইউনিয়ন, অঙ্গনওয়াড়ি শ্রমিক সংগঠন ও চিকিৎসক ইউনিয়নের ছত্রছায়ায় প্রায় ৫০,০০০ মানুষ এসে হাজির হয়েছিলেন অভূতপূর্ব এক শক্তি প্রদর্শনে। মঞ্চে টাঙানো ব্যানারে জ্বলজ্বল করছিল: ‘বিজেপি হারাও, কর্পোরেট ভাজাও [তাড়াও], দেশ বাচাও।’
মহাপঞ্চায়েতে উপস্থিত ছিলেন বিকেইউয়ের লাখোয়াল বিভাগের সভাপতি হরিন্দর সিং লাখোয়াল, তাঁর বক্তব্য, “মোদীকে আমরা কালো ঝাণ্ডা দেখাব পঞ্জাবে।”
পয়লা মে, ২০২৪ তারিখে পঞ্জাবে ভোট, নরেন্দ্র মোদী এমন এক রাজ্যে প্রচার অভিযানে নামতে চলেছেন যেখানকার চাষিরা কেন্দ্র তাঁদের কোনও দাবিই গ্রাহ্য করছে না বলে মুখরিত হয়েছেন প্রতিবাদে। তাঁদের দাবি: স্বামীনাথন কমিশনের সুপারিশ মোতাবেক ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) গ্যারান্টি, সম্পূর্ণ ঋণ মকুব, লখিমপুর খিরি হত্যাকাণ্ডের সুবিচার, চাষি ও মজুরদের পেনশন যোজনা ও ২০২০-২১-এর সংগ্রামে শহীদদের ক্ষতিপূরণ। কৃষক-আন্দোলন ঘিরে পারির পূর্ণাঙ্গ প্রতিবেদন শৃঙ্খলটি পড়ুন।


![‘ওদের [বিজেপি] কোনও হক নেই...’](/_next/image?url=https%3A%2F%2Fproduction.ruralindiaonline.org%2Fuploads%2F01_IMG_2898_AA_They_BJP_do_not_have_the_right_21b58ffe2a.jpg&w=1080&q=75)









