রোজ রোজ আগুন নিয়ে কাজ গোকুলের। লোহা গরম করে লাল হয়ে গেলে তাকে পিটিয়ে পিটিয়ে আকার দেওয়া কাজ। আগুনের ফুলকি লেগে জামা-জুতোয় ছোটবড় গর্ত হয়ে গেছে। ভারতীয় অর্থনীতির চাকা ঘুরছে তাঁদেরই মতো মানুষের কঠোর শ্রমের জ্বালানিতে, প্রমাণ করে তাঁর হাতে পোড়ার দাগ।
“ক্যা হুন্দা ক্যায় [সেটা আবার কী?]” বাজেটের ব্যাপারে শুনেছেন কিনা জিজ্ঞেস করলে বলেন তিনি।
৪৮ ঘণ্টাও হয়নি ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ হয়েছে, সারা দেশে খবর ছড়িয়ে গেছে তার। কিন্তু বাগরিয়া জনজাতির যাযাবর কামার গোকুলের জন্য কোনওকিছুই বদলায়নি।
“শুনুন, আমাদের জন্য না কেউ কিছু করেনি। ৭০০-৮০০ বছর এভাবেই কেটে গেছে। পঞ্জাবের মাটিতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম গোর পড়েছে। কেউ আমাদের কিছু দেয়নি,” বলেন বছর চল্লিশের কামার।




