উপকূলবর্তী কর্ণাটকে কোনও সাংস্কৃতিক পরব-টরব লাগলেই তৎক্ষণাৎ ডাক পড়ে গর্নাল সাইবের বা আতসবাজির কারিগরদের। সে ভূত কোলা, উৎসব, বিয়েশাদি, জন্মদিন বা গৃহপ্রবেশ হোক, বা শ্রাদ্ধশান্তি — লোকজন মুখিয়ে থাকে গর্নাল সাইবেরদের জন্য।
‘গর্নাল’ শব্দের অর্থ আতসবাজি, আর ‘সাইবের’ মানে মুসলিম ব্যক্তি।
আব্বুর থেকে এ শিল্পে হাতেখড়ি নিয়েছেন বলে জানালেন মুল্কি শহরের গর্নাল সাইবের আমির হুসেইন। প্রজন্মের পর প্রজন্মে ধরে কারিগরির বিরাসত বয়ে চলেছে তাঁর পরিবার।
“আতসবাজি ছোঁড়া বা নাড়াচাড়া করা খুবই বিপজ্জনক, বিশেষ করে বড়ো পটকাগুলো,” জানালেন নীতেশ আঞ্চন, ইনি কর্ণাটকের মনিপাল আকাদেমি ও হাইয়ার এডুকেশনের সহায়ক গবেষক।
ভূত পরবে আতসবাজি বানিয়ে ছোঁড়েন উদুপি জেলার আথ্রাডি গাঁয়ের মুসতাক আথ্রাডি। কাডোনি, অর্থাৎ সবচাইতে শক্তিশালী গর্নাল বানানোয় বেশ নামডাক আছে এই মুসলিম যুবকের। “কাডোনি একধরনের বিস্ফোরক গুঁড়ি, কায়দা করে অনেক ধরনের পদার্থ মিশিয়ে বানাতে হয়,” জানালেন তিনি। কাডোনি ফাটালে শুনেছি মাটি অবধি কেঁপে যায়।


