ঊর্ধ্বাঙ্গে গাঢ় নীল কুর্তি, নিচে দোরোখা লুঙ্গি, খোঁপায় পেঁচিয়ে রাখা সুগন্ধী জুঁইমালা, কারুম্বুকাডাই এম.পি. সেলভি বিরিয়ানি মাস্টারের হেঁশেলে ঠিক এভাবেই সেজেগুজে পা রাখলেন এম.পি. সেলভি — আজকের মতো এ হেঁশেলেটা তাঁরই হুকুমে চলবে। তাঁকে দেখামাত্র থেমে গেল ক্যাটারিং কর্মীদের গুজগুজ-ফিসফিস, একজন অভিবাদন জানিয়ে তাঁর হাতের ব্যাগখানি নিয়ে নিলেন।
শিরোনামের 'বিরিয়ানি মাস্টার' সেলভি খোদ নিজে, তাঁর দর্শন পেতেই জনাষাটেক কর্মী যেভাবে চুপ করে গেলেন তাতে বোঝাই যায় যে সেলভিকে তাঁরা কতখানি ইজ্জত দেন। যাই হোক, কয়েক মিনিটের মধ্যেই হেঁশেলের ছন্দটা আবার স্বাভাবিক হয়ে উঠল, চোখ জ্বালানো ধোঁয়া ও দপদপিয়ে নাচতে থাকা শিখার প্রতি বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ক্ষিপ্রহাতে দক্ষতার সঙ্গে কাজ করতে লাগলেন সবাই।
দম মটন বিরিয়ানি — প্রায় তিন দশক ধরে সেলভি ও তাঁর ওস্তাদ রাঁধুনির দল এই প্রবাদপ্রতিম পদটি বানিয়ে চলেছেন। বিরিয়ানির মূল উপাদান দুটি: মাংস ও চাল, অন্যান্য ধরনের বিরিয়ানিতে এই দুটো আলাদা আলাদা ভাবে রাঁধা হলেও দম বিরিয়ানির বিশেষত্ব এদের একত্র পাক।
“আমি কোয়েম্বাটোরের দম বিরিয়ানি বিশেষজ্ঞ,” ৫০ বছর বয়সি রূপান্তরকামী নারী এম.পি. সেলভি জানাচ্ছেন, “পুরোটাই একাহাতে সামলাই। সবকিছু মনে রাখতে হয়। অনেক সময় ছ'মাস আগে থাকতেই রান্নার বরাত জুটে যায়।”
আমাদের কথোপকথনের মাঝেই একজন বিরিয়ানির মশলা ভর্তি একখান সতুভম (হাতা) ধরিয়ে দিয়ে গেল তাঁকে। জারানোর মিশ্রণটা চেখে দেখে ঘাড় নেড়ে “ঠিক আছে,” বলে উঠলেন সেলভি। চেখে পরখ করার এটাই অন্তিম ধাপ, উপরন্তু সবচাইতে গুরুত্বপূর্ণও, তাই ওস্তাদ রাঁধুনির অনুমোদন পেয়ে সব্বাই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন।
“সকলে আমায় 'সেলভি আম্মা' বলে। একজন 'তিরুনাঙ্গাই' [রূপান্তরকামী নারী] হয়ে 'আম্মা' ডাক শোনার আলাদাই আনন্দ,” খুশিতে ঝলমল করছিল তাঁর মুখখানি।























