জব্বর দৌড়তে পারে মেয়েটা। আর পুরোদমে প্রশিক্ষণ দিতে পারেন স্যার।
তাই জয়ন্ত তান্ডেকর নিজের দুই কামরার ভাড়াবাড়ির দরজা খুলে দিয়েছেন তার সামনে, শেখার জন্য।
তাঁর শিষ্যা, আট বছরের উর্বশীর মধ্যে দিয়েই নিজের দেখা স্বপ্ন সফল করার পথ খুঁজছেন তান্ডেকর।
এ কাহিনি এক গ্রাম্য বালিকার, তার বাবা-মায়ের এবং এক তরুণ দৌড় প্রশিক্ষকের স্বপ্নের; অর্থবল কম, কিন্তু সঙ্কল্পে অবিচল।
দুই বছর আগে যখন উর্বশী নিম্বর্তে তান্ডেকরের কাছে আসে তখন তার বয়স আট বছর। তান্ডেকর থাকেন ভান্ডারা শহরের শহরতলিতে একটি ছোটো ভাড়া বাড়িতে। বাক্সপ্যাঁটরা নিয়ে সেই বাড়িতে পাকাপাকি থাকতে চলে আসে উর্বশী; তান্ডেকরই তার বাবা, তান্ডেকরই তার মা। উর্বশীর নিজের বাবা-মায়ের হাতে পয়সা নেই। ভান্ডারা থেকে ২৫ কিলোমিটার দূরে দাওয়া গ্রামে ক্ষুদ্রচাষি তাঁরা। কিন্তু ছোট্ট মেয়েটার মা মাধুরীর মনে হয়েছিল, মেয়েকে যদি কিছু করে দেখাতে হয়, তবে এই তরুণ ও মেয়েকে নিয়ে তাঁর পরিকল্পনায় ভরসা রাখতে হবে তাঁদের।










